প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৪:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন মোহাম্মদ হোসেন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও অধ্যক্ষ মোজাহের হোসেন এবং শাহরাস্তি মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়াতে ভূমিকা রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাহের হোসেন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি শেখায়। সাংস্কৃতিক চর্চা তাদের মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে।

শিক্ষার্থীদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের সহযোগিতায় বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ হোসেন রানা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে পরিচালনা পর্ষদ আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে বিদ্যালয়ের বেশ কিছু সংস্কার ও উন্নয়নকাজ করা হয়েছে। আগামী দিনে পাঠদান কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

পাশাপাশি বিদ্যালয়কে মাদকমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সমাজকল্যাণ সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আ. রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (এমএসসি), ইউপি যুবদলের সভাপতি মাহবুবুর রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, এক্সিম ব্যাংক ঠাকুর বাজার শাখার ব্যবস্থাপক জাকির হোসেন এবং বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হেমায়েত উদ্দিন সমুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুব আলম পরান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন