প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৯:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার, জমি রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ৬ নম্বর কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নোয়াগাঁও গ্রামের মহিন উদ্দিন লিটন ও তার স্ত্রী নাসরিনের সঙ্গে জমি কেনাবেচা নিয়ে মানিক হোসেনের বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে মানিক হোসেনসহ এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করার উদ্দেশ্যে নারী ও শিশু নির্যাতনের মামলা করা হয়েছে বলে তাদের দাবি।
বক্তারা জানান, ২০২৩ সালের ২৫ মে নোয়াগাঁও মৌজার সাবেক ১০৭, হাল ১১৭ নম্বর মৌজার বিএস ২৮৭ দাগে ৮ শতাংশ ৫০ পয়েন্ট এবং বিএস ২৮৮ দাগে ১৪ শতাংশসহ মোট ২২ শতাংশ ৫০ পয়েন্ট জমি ক্রয়ের জন্য মানিক হোসেনের সঙ্গে বায়না দলিল সম্পাদিত হয়। পরবর্তীতে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি, জমির মূল্য পরিশোধ এবং স্থানীয় সালিশ ও বায়না দলিলের সাক্ষীদের মাধ্যমে জমির দখল বুঝে পাওয়ার পরও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। বরং এ নিয়ে বিরোধের একপর্যায়ে মানিক হোসেন ও এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহার, জমির রেজিস্ট্রি সম্পন্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মানিক হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বারেক, শাহজালাল, মজিবুর রহমান প্রধান ও কবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভুক্তভোগী মানিক হোসেন অভিযোগ করে বলেন, মহিন উদ্দিন লিটন ২২ শতাংশ ৫০ পয়েন্ট জমি বিক্রির কথা বলে তার কাছ থেকে প্রথমে ১৪ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমির দাম বেড়েছে বলে আরও ৬ লাখ টাকা নেন। সব মিলিয়ে তিনি ২০ লাখ টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন মানিক হোসেন। স্থানীয় সালিশ ও বায়না দলিলের সাক্ষীদের মাধ্যমে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়িও নির্মাণ করেছেন বলে জানান তিনি।
মানিক হোসেন আরও অভিযোগ করেন, জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য বারবার তাগাদা দিলে তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে তাকে এবং এলাকার লোকজনকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন,আমি আমার ক্রয়কৃত জমির বৈধ রেজিস্ট্রি চাই। পাশাপাশি হয়রানিমূলক মামলা থেকে মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন