মাসুদ হোসেন : পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে চাঁদপুর সদরের ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৩ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার, বিষ্ণুদি রোড ও চেয়ারম্যান ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে মা সুপার শপকে ২ হাজার টাকা, জিয়া বাদার্সকে ৫ হাজার টাকা ও খান স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়াও অভিযানের সময় রড ও সিমেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করেন তিনি।

অনলাইন ডেস্ক