প্রকাশের সময়: রবিবার, ৫ জুন, ২০২২ । ৩:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রসূতি মায়ের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করে, বিধিবহির্ভূত স্বাস্থ্যসেবা প্রদান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে ।
রোববার (০৫ জুন) বিকেলে পৌর শহরের মেহের কালীবাড়ি বাজারস্থ শাহরাস্তি মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওই হাসপাতলে  গত ০৯ মে /২২ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভবানীপুর মিয়াজী বাড়ির জনৈক মরিয়ম আক্তার রিতু (২৪) এই হাসপাতালে বাচ্চা প্রসবের জন্য সেবা নিতে এসে  সিজার করেন ।
সিজার পরবর্তী রোগীর শরীরের জ্বর ও সেপটিসেমিয়া সংক্রমণ) ছড়িয়ে পড়লে তার অবস্থার অবনতি হয়।  ওই হাসপাতালে থেকে রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে, ওইখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মে/২২ রাতে ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়। পরে রোগীর স্বজনরা চিকিৎসা ভুলের বিষয়টি টের পেয়ে কষ্টের কথাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লিখিত আকারে চাঁদপুর জেলা সিভিল সার্জন এবং শাহরাস্তি উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করে।
ওই অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে চাঁদপুর সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন সরজমিনে অভিযুক্ত হাসপাতাল পরিদর্শনে আসেন। সেখানে তিনি  বিএমডিসি’র অনুনমোদিত ডিগ্রি নিয়ে কথিত শিশু বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার সোহেল ও সনোলজিষ্ট ডা. তাসমীম আল আজমী দোলা গাইনী সার্জন হিসেবে চিকিৎসা প্রদানের বিষয়টি তার দৃষ্টিগোচর হয়। ওই বিষয়ে তিনি শাহরাস্তি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশ প্রদান করেন।
এদিকে শাহরাস্তি উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন একই দিন বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুসারে হাসপাতাল পরিচালক মোহাম্মদ ওমর ফারুককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এছাড়া ওই হাসপাতালে নিয়োগকৃত গাইনি ও সার্জারি এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে বিধিবহির্ভূত সেবা প্রদান থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নাসির উদ্দিন জানান, অভিযুক্ত হাসপাতলে সেবা নিতে এসে প্রসূতির মৃত্যুর ঘটনায় সৃষ্ট জটিলতায় প্রেক্ষিতে প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ অভিযান পরিচালনা করে। এছাড়া সার্বিক বিষয়ে  ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ (তিন) কার্য দিবসের মধ্যে ওই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওই অভিযান পরিচালনার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সারোয়ার হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর ফায়েদুল্লাহ মিয়া, শাহরাস্তি মডেল থানার পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন