মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয়স্থান অর্জন মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম
কচুয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয়স্থান অর্জন মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

কচুয়ায় কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষায় দ্বিতীয়স্থান অর্জন করেছে ৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গ্রামীণ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষায় কাদলা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা এবং বেসরকারি কেজি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পরীক্ষার গত সোমবার ফল প্রকাশে  ৫৭ নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়নের দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ওই বিদ্যালয় থেকে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্ৰহন করেন। এর মধ্যে ৬ জন ট্যালেন্টপুল, সাধারণ ক্যাটাগরিতে ৪জনসহ ১০ জন বৃত্তি পেয়েছেন।
৫৭নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যতম বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। শিক্ষা পরিবেশ, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের ধারাবাহিক ভালো ফলাফলের জন্য এটি আরও একাধিকবার লেখাপড়ার মান নিয়ে ভালো প্রতিষ্ঠান হিসেবে  স্বীকৃতি লাভ করে।
বিদ্যালয়ের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন,এই অর্জন আমাদের শিক্ষক মণ্ডলীর অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায় এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতার ফসল। আমরা ক্লাসের নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিশেষ যত্নের মাধ্যমে পরীক্ষার জন্য প্রস্তুত করেছিলাম। এই ধারা আগামীতেও বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
অভিভাবকরা জানান, বিদ্যালয়ের চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক গাইডলাইনের কারণেই আজ তাদের সন্তানরা কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব উজ্জ্বল সাফল্য বয়ে আনতে পেরেছে। শিক্ষক মন্ডলী ও পরীক্ষার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য যে, কাদলা রহমাতাল্লিল আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ‘স্বপ্নবাজ’ ও ‘বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সৌজন্যে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা’ ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশের ইউনিয়নের মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ৬৬৫ জন মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে পঞ্চম শ্রেণি ২৭৮ জন, চতুর্থ শ্রেণি ২১২ জন, তৃতীয় শ্রেণি ১৭৯ জন। পরীক্ষার কেন্দ্রগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন আয়োজক প্রধান ব্যবস্থাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী এবং কাদলা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রভাষক মো. জান্নাতুল আলম আলমগীর।
পরীক্ষার আয়োজক প্রধান ব্যবস্থাপক  মো. জান্নাতুল আলম আলমগীর জানান, তৃণমূলের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, সুপ্ত প্রতিভার বিকাশ এবং ঝরে পড়া রোধে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। আগামীতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
তিনি আরো বলেন, গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্থান, ৫৭ নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।