মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের দুই বোন বিসিএসে উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৭:০৪ পিএম
হাজীগঞ্জের দুই বোন বিসিএসে উত্তীর্ণ

৩ আগস্ট সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ এলাকার বাংলাদেশ শিপিং করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এয়াকুব মিয়া ও গৃহিণী রুপিয়া বেগমের তিন মেয়ের মধ্যে দুজন বিসিএস ক্যাডার হওয়ার কৃতিত্ব অর্জন করল। গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু দুই বোন এবার ৪১তম বিসিএস ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। জান্নাত সুমি শিক্ষা ক্যাডারে আর জান্নাতুন নাঈম কৃষি ক্যাডারে।

গুলে জান্নাত ২০০৭ সালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১০-১১ সেশনে রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

গুলে জান্নাত বলেন, ‘আমার শৈশব ও বেড়ে উঠা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে চট্রগ্রাম থেকে নিয়মিত ঢাকায় গিয়ে চাকরির পরীক্ষা দেওয়া কষ্টকর। তাই মাস্টার্স পরীক্ষা শেষে ঢাকায় চলে যাই। হঠাৎ করে ঢাকায় আসায় থাকার সমস্যা, মানিয়ে নেওয়ার সমস্যা শুরু হয়। ঢাকায় আসার পর বুঝতে পারি, চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আমি অনেক পিছিয়ে আছি। পরিবারের ওপর চাপ কমানোর জন্য এবং একই সঙ্গে স্বাবলম্বী হওয়ার জন্য আঞ্জুমান মোখলেছুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্টাক্টর পদে যোগ দিই। সেই সঙ্গে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন কোর্সে ভর্তি হয়ে শিক্ষাবিষয়ক পড়ালেখা শুরু করি। চাকরি করার পাশাপাশি বিসিএসের জন্য প্রস্তুতি শুরু করি।

২০১৬ সালে প্রথম ৩৮তম বিসিএস দিয়ে আমার বিসিএস যাত্রা শুরু হয়। ৩৮তম বিসিএসে আশানুরূপ ফল না পেয়ে স্বপ্নপূরণের জন্য পুনরায় নতুন উদ্যোমে বিসিএসের জন্য প্রস্তুতি শুরু করি। এভাবে দেখতে দেখতে ৪০তম বিসিএসের ফলাফলের দিন চলে আসে। সেখানে নাম না দেখে হতাশায় ভেঙে পড়ি। এ বিসিএসের ফলাফলে নিজের রোল আছে নন-ক্যাডার তালিকায়। ৪০তম বিসিএস থেকেই নন-ক্যাডার নিয়োগে নতুন করে জটিলতা শুরু হলে আমারও শুরু হলো আর এক অসহনীয় কষ্টের যাত্রা। ভবিষ্যতের শঙ্কায় দিনের পর দিন উৎকণ্ঠা আর তার ফলে রাতের পর রাত কেটেছে নির্ঘুমে। চোখের জলও যেন মনে হচ্ছিল ফুরিয়ে যাচ্ছিল।

Model Hospital

অবশেষে ৩ আগস্ট সারাদিন অপেক্ষার পর যখন ফলাফল তালিকায় দুই বোনের রোল নম্বর একই সঙ্গে দেখে স্তব্ধ হয়ে যাই। ২০১৬ সালে শুরু শুরু হওয়া বিসিএসএর স্বপ্ন ২০২৩–এ এসে তা পরিপূর্ণতা পায়। এ জন্য সর্ব প্রথম মহান আল্লাহ তায়ালা ও পরিবারের কাছে কৃতজ্ঞ।’

জান্নাতুন নাঈম বলেন, ‘২০১১ সালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি, ২০১৩ সালে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচসএসসি পাস করি। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করি।’

কৃষি ক্যাডার পাওয়া জান্নাতুন নাঈম আরও বলেন, ‘২০১৯ সালে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সময় আমি সদ্য স্নাতক শেষ করেছি। তখনো চাকরির তেমন প্রস্তুতি শুরু করিনি। অনেকটা আনাড়ি মনোভাব নিয়েই প্রথমবারের মতো বিসিএসে আবেদন করি। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে যায়। আর আমিও প্রস্তুতির জন্য কিছু সুযোগ পেয়ে যাই। মহামারি যখন সব কিছু স্থবির করে দেয়, তখন ক্যাম্পাস থেকে বাড়িতে (হাজিগঞ্জ) ফিরি। এর পর থেকে শুরু হয় আমার বিসিএস প্রস্তুতি। প্রিলিমিনারি হয়েছিল ২০২১ সালের ১৯ মার্চ, আমি পড়ার জন্য এক বছরেরও বেশি সময় পাই। এ জন্য ভালোভাবেই প্রস্তুতি সম্পন্ন করি।

আল্লাহর রহমতে প্রিলিমিনারি ও লিখিত পাস করি। এরই মধ্যে ২০২২ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) যোগ দেই। এখানো সেখানেই কাজ করছি। ৩ আগস্টে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের তালিকায় স্থান পেয়ে সত্যিই আপ্লুত হয়েছি। চার বছরের দীর্ঘ সময়ের যাত্রায় পরিবার, বন্ধুবান্ধব এবং বিবিএসের সহকর্মীদের থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছি। সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে নিজের স্বপ্নপূরণের জন্য সর্বদা প্রার্থনা করেছি এবং সৃষ্টিকর্তা আমার প্রতি সদয় হয়েছেন বলেই আমি ৪১তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি।’

সরকারের একজন কর্মচারী হিসেবে দেশ ও জাতির সেবা করে যেতে চান এই দুই বোন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।