মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৬২ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:০২ পিএম
অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি: ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৬২ হাজার টাকা জরিমানা
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট ও হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয় ও বিক্রয় করায় রাশেদ গাজীকে ১০ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে নাম ঠিকানাবিহীন ও  অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সনিয়া এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য রাখায় অনিল সাহাকে কে ২ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এবং জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো পুণরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। এবং মেয়াদবিহীন ও  অনুমোদহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। এছাড়াও নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ড হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। তবে চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

কচুয়া নলুয়া সপ্রাবি সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২৫ পিএম
কচুয়া নলুয়া সপ্রাবি সভাপতি পদে সাহাদাত হোসেন মনোনীত
কচুয়া উপজেলার ১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি হিসেবে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত হয়েছেন, সাহাদাত হোসেন । সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার নির্বাচনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করেছেন। সাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে অত্র গ্রামের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সভাপতি সাহাদাত হোসেন বলেন, কচুয়ার“১৪২ নং নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি এ বিদ্যালয়টি কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামাল হায়দার মজুমদার ও অন্যান্য শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা আশা প্রকাশ করে বলেন, সাহাদাত হোসেন এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভে বিভিন্ন সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে তার সফল নেতৃত্ব কামনা করেছেন।