মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৪টি গুরুত্বপুর্ন  সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম
চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৪টি গুরুত্বপুর্ন  সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি, জেলা পণ্য বিপণন কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম ঋতু।

চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি, জেলা পণ্য বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪নভেম্বর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আনাম
ঋতু।
তিনি বলেন,  আমাদের জেলায় দিন-রাত সবসময়ই হোটেল-রেস্তোরাঁ ও দোকানপাটে খাবার পাওয়া যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা খাবারের মানের দিকে যথেষ্ট নজর দিচ্ছি না। বিশেষ করে আমাদের প্রতিদিনের খাবারের মেনুতে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, যেমন—সিঙ্গারা, সমুচা এবং অন্যান্য ভাজাপোড়া খাবারের আধিক্য অনেক বেশি। এসব অস্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে আমাদের হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের উচিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার তৈরি করা।
তিনি আরো বলেন, আমরা যদি এখনই সচেতন না হই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্রুত অসুস্থ হয়ে পড়বে। কারণ, জেনে হোক বা না জেনে হোক, আমরা আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার খাওয়াচ্ছি। এর ফলাফল কখনোই ভালো হতে পারে না।আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় সরকার অর্পিত দায়িত্বের বাইরে গিয়েও তিনি জেলার মানুষের কল্যাণে এবং বাজার ও জনস্বাস্থ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের এই উদ্যোগকে সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিএসটিআই এর উপ-পরিচালক পরিতোষ চন্দ্র তালুকদার, চাঁদপুর কৃষি বিপনন কর্মকর্তা মো: কামরুজ্জামান রুপম, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, চাঁদপুর নিরাপদ খাদ্য অফিসার ফয়েজ জালাল উদ্দিন, চাঁদপুর জেলা পুলিশের প্রতিনিধি পুলিশ পরিদর্শক সরোয়ার আলম, চাঁদপুর বিসিকের সহ-সম্প্রসারণ কর্মকর্তা ঝড়না বেগম, চাঁদপুর জেলা ট্রেনিং অফিসার ডা: বিপ্লব কুমার দে, চাঁদপুর চেম্বার অব কর্মাসের পরিচালক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি হাজী মো. নুরুল আলম লালু,  সাধারণ সম্পাদক হলেন হাজী মো. মাসুদ আখন্দ, সদস্য ক্যাব মো: বিপ্লব কুমার সরকার, চাঁদপুর জেলা জ্বালানী তেল এজেন্ট মালিক সমিতির সাধারন সম্পাদক মো: শাহে আলম, মেঘনা পেট্টোলিয়াম এর প্রধান সহকারী মো: ফারুক আহমেদ।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করেন। বিশেষ করে ভোজ্যতেল ও জ্বালানি তেলের ক্ষেত্রে এই প্রবণতা বেশি দেখা যায়। চাঁদপুর একটি পর্যটনসমৃদ্ধ এবং ব্যস্ত জেলা শহর। প্রতিদিন অসংখ্য মানুষ ও পর্যটক এখানকার হোটেল-রেস্তোরাঁগুলোতে খাবার খান। অনেক হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে। পচা-বাসি খাবার, পোড়া তেল এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রঙের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।খাবার তৈরি এবং পরিবেশনের সময় কর্মীদের অবশ্যই হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ পরা বাধ্যতামূলক করতে হবে।হোটেলের সামনের অংশ চাকচিক্যময় হলেও ভেতরের রান্নাঘরগুলো অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে থাকে। তাই প্রতিটি হোটেলের কিচেনকে আরও আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করতে হবে।

স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার, হলো মাদ্রাসা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার, হলো মাদ্রাসা

এক টুকরো জমি। সেখানে স্বপ্ন ছিল সিনেমা হল গড়ে তোলার। যেখানে আলো-আঁধারির পর্দায় ভেসে উঠবে নানা গল্প, জমবে দর্শকের ভিড়। কিন্তু ইতিহাস কখনো কখনো মানুষের পরিকল্পনার চেয়েও বড় কোনো গল্প লিখে রাখে। যে জমিতে বিনোদনের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানেই একদিন গড়ে উঠল ইলমের মিনার। ছড়িয়ে পড়ল কোরআন-হাদিসের শিক্ষা। জন্ম নিল বাংলাদেশের কওমি শিক্ষাঙ্গনের এক ঐতিহ্যের নাম, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা।
সিনেমা হলের স্বপ্ন থেকে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান: সময়টা ১৯৫০-এর দশক। ঢাকার ফরিদাবাদ এলাকায় প্রায় পাঁচ বিঘা জমি কেনেন কলকাতার ব্যবসায়ী ওয়াছেল মোল্লার ছেলে কবীর উদ্দিন মোল্লা। তাঁর পরিকল্পনা ছিল সেখানে একটি সিনেমা হল নির্মাণের। কিন্তু সেই পরিকল্পনার কথা জানতে পারেন উপমহাদেশের বিশিষ্ট আলেম, মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)। যিনি সবার কাছে ছদর সাহেব নামে পরিচিত ছিলেন।

দ্বীনি শিক্ষার প্রসারে নিবেদিত এই আলেম জমিটি নিয়ে ভিন্ন এক স্বপ্ন দেখলেন। তাঁর চিন্তায় সিনেমা হলের পরিবর্তে জায়গাটি হয়ে উঠল ইলমের আলো ছড়ানোর এক কেন্দ্র।

প্রকাশিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে কবীর উদ্দিন মোল্লা জমির দলিল নিয়ে ছদর সাহেবের কাছে আসেন। জমিটি তাঁর নামে লিখে দেওয়ার প্রস্তাব দেন। তবে ছদর সাহেব একটি শর্ত দেন, জমি গ্রহণের পর সেখানে কী নির্মাণ করা হবে, সে বিষয়ে জমিদাতা কোনো শর্ত দিতে পারবেন না।

শর্তে সম্মত হন কবীর উদ্দিন মোল্লা। জমিটি গ্রহণ করে সেখানে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন ছদর সাহেব। এভাবেই একটি সিনেমা হলের পরিকল্পনা বদলে যায়। যে জমিতে বিনোদনের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে শুরু হয় জ্ঞান ও নৈতিকতার আলো ছড়ানোর পথচলা।

Model Hospital

যাত্রা শুরু ইলমের এক নতুন ঠিকানা: ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রথম মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শায়খুল হাদিস মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.)।

শুরুর সেই দিনগুলোতে হয়তো কেউ কল্পনাও করেননি, একদিন এই প্রতিষ্ঠান বাংলাদেশের কওমি শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে। সময়ের স্রোত পেরিয়ে এখানে গড়ে উঠেছে অসংখ্য আলেম ও দ্বীনি শিক্ষার্থী। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে কোরআন-সুন্নাহর শিক্ষা।

ফরিদাবাদ মাদ্রাসার ইতিহাস কেবল একটি প্রতিষ্ঠানের বেড়ে ওঠার গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষার প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাসও।

১৯৭৮ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেফাকের প্রধান কার্যালয় প্রতিষ্ঠার পর প্রায় এক যুগ এই মাদ্রাসায় পরিচালিত হয়। ফলে দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সমন্বয় ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের ইতিহাসেও ফরিদাবাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইতিহাসের পাতায় অনেক বড় প্রতিষ্ঠানের জন্মকথা লেখা থাকে। তবে কিছু প্রতিষ্ঠানের জন্মগল্পে থাকে এমন বাঁক, যা মানুষকে থমকে ভাবতে শেখায়।

ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠার গল্পও তেমনই। একটি জমিকে ঘিরে ছিল এক ধরনের পরিকল্পনা, কিন্তু আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) সেই জমিতে দেখেছিলেন ভিন্ন এক সম্ভাবনা। তাঁর উদ্যোগে সেখানে গড়ে ওঠে দ্বীনি শিক্ষার প্রতিষ্ঠান।

সিনেমা হলের পর্দায় হয়তো একদিনের গল্প দেখার কথা ছিল মানুষের। কিন্তু সেই জমিতে গড়ে ওঠা মাদ্রাসা প্রজন্মের পর প্রজন্মকে শোনাচ্ছে জ্ঞান, আদর্শ ও আত্মগঠনের গল্প। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ইলমের আলো ছড়িয়ে দেওয়ার সেই লক্ষ্য আজও ইতিহাসের অংশ হয়ে আছে।