মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাগরিবের নামাজে মসজিদের ডিজিটাল বোর্ডে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৯:৫৮ পিএম
মাগরিবের নামাজে মসজিদের ডিজিটাল বোর্ডে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মুসল্লিরা জানান, মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু BD 71 Hacker’ লেখা দেখা যায়।

বিষয়টি দেখে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

Model Hospital

মসজিদের ইমাম বলেন, ‘মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাকিংয়ের মাধ্যমে এটি করেছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি।

এর আগে বোর্ডে শুধু মসজিদের নামই প্রদর্শিত হতো।’
এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘ঘটনাটি শুনেছি এবং তাৎক্ষণিক লোক পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।’

এদিকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।