শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে বাঁশের ভেড়াবুনন শ্রমিকের ঘর ভস্মীভূত
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে এক বাঁশের ভেড়াবুনন শ্রমিকের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।শনিবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির মৌতুর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এবং স্থানীয় গ্রামবাসী সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় অধিবাসীরা জানান,শনিবার মাগরিবের নামাজের পর ওই বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র স্থানীয় বাঁশের ভেড়া বুনন শ্রমিক মোহাম্মদ ইমাম হোসেনের ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে বসতঘর টি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় পাশে থাকা শামসুল আলম ও হাবিবুল ইসলামের ঘরগুলো রক্ষা পায়। আগুন লাগার ওই খবর চাউর হতেই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন ছুটে যায় সেখানে। অগ্নিকাণ্ড প্রসঙ্গে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘটে থাকতে পারে। এ অগ্নিকাণ্ডে গৃহকর্তার ঘরের অবকাঠামো ও আসবাবপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি জসিম মেম্বার জানান,পুড়ে যাওয়া ঘরের মালিক ইমাম হোসেন একদম নিঃস্ব হয়ে গেছে। তার সম্পদ বলতে আর কিছুই রইল না। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তার অন্তত বেঁচে থাকার একটি গতি তৈরি হবে।







