স্ত্রী হত্যার ঘটনায় ৩০ দিন পর স্বামী গ্রেপ্তার
স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী হত্যা মামলায় দিদারুল আলম দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মে শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা যান দিদারের স্ত্রী সাহেলা আক্তার। ওই ঘটনায় নিহতের ভাই শাহ মোহাম্মদ মোজাম্মেল বাদী হয়ে মিরসরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর থেকে পলাতক ছিলেন দিদার। ঈদ উদযাপন উপলক্ষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মোটবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম বলেন, “বিকেলে দিদারুল আলম বাড়িতে এসেছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”








