সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

রহস্যজনক মৃত্যু: ভাড়া বাসা থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫, ৯:৫৯ এম
রহস্যজনক মৃত্যু: ভাড়া বাসা থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় এক ভাড়া বাসা থেকে রিনা বেগম (৩০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষে অচেতন অবস্থায় পাওয়া গেছে তার পাঁচ বছর বয়সী কন্যা সন্তানকে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন রিনার সঙ্গী মনিরুল ইসলাম।

মঙ্গলবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের হাবিব ভিলার নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহে পুলিশ দরজা ভেঙে কক্ষটিতে প্রবেশ করে এবং মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রিনার মরদেহটি শৌচাগারের সামনে পড়ে ছিল, আর পাশের কক্ষে বিছানায় অচেতন অবস্থায় ছিল শিশু কন্যা। ঘরের ভেতরে ওষুধ ও খাবারের প্লেট ছড়িয়ে-ছিটিয়ে ছিল। উল্লেখযোগ্যভাবে, কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল।

হাবিব ভিলার মালিক হাবিবুর রহমান জানান, “চলতি মাসের শুরুতে মনিরুল ইসলাম নিজেকে রিনার স্বামী পরিচয়ে বাসাটি ভাড়া নেন। মাত্র কয়েক দিন হয়েছে। সকালে খবর পেয়ে মনিরুলকে ফোন করি, কিন্তু সে আর আসেনি এবং এখন তার মোবাইলও বন্ধ।”

Model Hospital

রিনা বেগম ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মান্নান ব্যাপারীর মেয়ে। তার স্বামী শহীদ মোল্যা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। স্বজনদের মতে, ছয় মাস আগে রিনা ও শহীদের বিচ্ছেদ হয়। এরপর তিনি মনিরুল ইসলামের (৪০) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে বিয়েও করেন।

রিনার চাচা আব্দুস সালাম ব্যাপারী জানান, “বিয়ের পর রিনাকে সৌদি নিয়ে গিয়েছিল শহীদ। পরে রিনা দেশে ফিরে আসে এবং এক বছর আগে মনিরুলের সঙ্গে সম্পর্কে জড়ায়।”

তবে স্থানীয় এক প্রতিবেশীর দাবি, রিনা ও শহীদের মধ্যে এখনো আইনি বিচ্ছেদ হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, “ভেতর থেকে বন্ধ একটি কক্ষ থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ এবং শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।