ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৯
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন তিনজন নারী ও দুইজন পুরুষ। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে বরিশাল বিভাগেই চারজনের মৃত্যু হয়েছে। ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মৃত্যু হয়েছে একজনের। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এ নিয়ে ২০২৫ সালে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ১২৪ জন, চট্টগ্রামে ৯ জন, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৯ জন, ঢাকা দক্ষিণে ১২ জন, ঢাকা উত্তরে ১ জন, খুলনায় ৩ জন এবং সিলেট অঞ্চলে ১ জন শনাক্ত হয়েছেন।

একই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০৪ জন রোগী। চলতি বছরে মোট ৫ হাজার ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, ১৩ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৫.৩ শতাংশ পুরুষ এবং ৪৪.৭ শতাংশ নারী।








