নগরভবনে সভা করছেন ইশরাক, ব্যানারে লেখা ‘মাননীয় মেয়র’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে এখনও শপথ না নিলেও সংবর্ধনা পেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ইশরাক হোসেন। অনুষ্ঠানস্থলের ব্যানারে ‘মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ হিসেবে তার নাম উল্লেখ করা হয়। তাকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।

ইশরাককে উদ্দেশ্য করে আয়োজকরা বলেন, শহরকে পরিচ্ছন্ন ও নাগরিক সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে তার ভূমিকা প্রয়োজন। এ সময় বক্তারা ইশরাককে মেয়র হিসেবে সম্বোধন করেন।

অন্যদিকে একই দিনে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন নগর ভবনের চারপাশ—‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মেয়র সেলে দেখতে চাই, সে আমাদের ইশরাক ভাই’, ইত্যাদি।

তারা দাবি জানান, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ পড়ানো না হবে, ততক্ষণ নগর ভবনের প্রধান ফটক তালাবদ্ধ থাকবে। তবে জনদুর্ভোগ যেন না হয়, সে জন্য নাগরিক সেবা সচল রাখার আশ্বাসও দেন তারা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে আদালতে যান ইশরাক। গত ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করে। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করলেও শপথ অনুষ্ঠান ঝুলে আছে হাইকোর্টে দায়ের করা রিটের কারণে।
১৪ মে করা রিটের প্রেক্ষিতে একাধিক শুনানি শেষে তা খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরও স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘আইনি জটিলতা’র অজুহাতে শপথ অনুষ্ঠান থেকে বিরত রয়েছে। এর প্রতিবাদে ১৫ মে থেকে আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা, যার ফলে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে দেখা দিয়েছে বিঘ্ন।








