বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মদিনা শপিং সেন্টারের ফের দোকান দখলের চেষ্টা, দোকান মালিকের উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১:৫৬ পিএম
চাঁদপুরে মদিনা শপিং সেন্টারের ফের দোকান দখলের চেষ্টা, দোকান মালিকের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে মদিনা শপিং সেন্টারে প্রবেশমুখে একটি দোকান দখলের ঘটনার প্রতিবাদ করায় দোকান মালিক রোটারিয়ান রহিমা বেগমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শহরের প্রাণকেন্দ্রে কালীবাড়ি মন্দিরের সামনে মদিনা শপিং সেন্টারের প্রবেশ মুখে একটি দোকান দখল নিয়ে দোকান মালিক রোটারিয়ান রহিমা বেগমকে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে।প্রতিপক্ষ আবুল হাসান লিটন দোকান মালিক রহিমা বেগমের জামা কাপড় ছিড়ে ফেলে শ্রীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে।

রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় তিন জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

একজন অবলা অসহায় নারী ও দোকান মালিক রহিমা বেগমের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও শ্রীলতাহানি ঘটনা খবর পেয়ে চাঁদপুর মডেল থানার সহকারী পরিদর্শক শহীদুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এছাড়া এই দোকান দখল করার চেষ্টায় চাঁদপুর আদালতের নিষেধাজ্ঞা মামলা করেছেন দোকান মালিক রহিমা বেগম।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষ আবুল হাসান লিটন পেশী শক্তি ব্যবহার করে রোটারিয়ান রহিমা বেগমের মালিকানাধীন দোকানটি রাতের আধারে দখল করার পাঁয়তারা করছে।

Model Hospital

জানা যায়, ৯৩ নং চাঁদপুর মিউনিসিপ্যালিটি মৌজার নির্মাণাধীন মদিনা শপিং সেন্টারে প্রবেশমুখে ৫০ পয়েন্ট ৫৮ সেন্টিমিটার একটি দোকান ২০১৮ সালে ২ ডিসেম্বর স্বর্ণখোলা রোডের মৃত সাদীর মিয়ার মেয়ে রোটারিয়ান রহিমা বেগম ৩০ লক্ষ টাকা মূল্য দিয়ে মফিজ উদ্দিন সরকারের কাছ থেকে দোকানটি ক্রয় করে।

কিন্তু সেই দোকানটি গুয়াখোলা রোডের মৃত হোসেন মিয়ার ছেলে আবুল হাসান লিটনের নজর পড়ে।
একজন নিরীহ মহিলার অসহায়ত্বের সুযোগ নিয়ে আবুল হাসান লিটন জোরপূর্বক সেই দোকানটি দখল করার চেষ্টা করেন।

এই ঘটনার প্রতিবাদ করলে দোকান মালিক রোটারিয়ান রহিমা বেগম উপর দুই দফা অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে।
আহত রহিমা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় আবুল হাসান লিটন ও তার স্ত্রী রুমা আক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
দোকান মালিক রহিমা বেগম জানান, ২০১৮ সালে দোকানটি ক্রয় করার পর সেটি দখল নিতে আবুল হাসান লিটন চেষ্টা চালায়। রাতের আধারে দলবল নিয়ে দোকানটি দখল করার চেষ্টা করলে বাধা দিলে লিটন দেশীয় অস্ত্র দিয়ে প্রথম দফায় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেন।

তাতেও ক্ষেন্ত না হয়ে শনিবার দুপুরে পুনরায় বহিরাগত সন্ত্রাসীদের এনে দোকানটি দখল করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে সে দ্বিতীয় দফা দেশীয় অস্ত্র দিয়ে আবারও একই কায়দায় হামলা চালিয়ে আহত করে। এম এ হাসান লিটন জামাকাপড় ছিড়ে শ্রীলতাহানি করে ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

সে পেশী শক্তি ব্যবহার করে অন্যের দোকান দখল করার চেষ্টা চালায়। এ ঘটনায় আদালতের শরণাপন্ন হয়ে নিষেধাজ্ঞা মামলা দায়ের করা হয়েছে।

আবুল হাসান লিটন সরকারী জায়গা দখল সহ হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করার অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এখন আমরা পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করে দোকানটি বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানান প্রশাসনের কাছে।

এদিকে এই বিষয়ে অভিযুক্ত আবুল হাসান লিটনের মুঠোফোনে বেশ কয়েক বার ফোন করেও সেই রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

চাঁদপুর মডেল থানার এএসআই শহিদুল্লাহ জানান, মদিনা শপিং সেন্টারে দোকান দখল নিয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হলে ঘটনাস্থলে গিয়ে ঘটনা তদন্ত করা হয়েছে। দোকান দখল নিয়ে যদি আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু ৬ নভেম্বর, প্রশিক্ষণ দিবেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক

আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’। প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টা থেকে বিকেল পর্যন্ত এবং দ্বিতীয় দিন ৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

অংশগ্রহণকারী সাংবাদিকদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেশি-বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণের প্রথম দিন ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় উদ্বোধন করবেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ৭ নভেম্বর শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

Model Hospital

প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক দলের অন্য সদস্যরা হলেন : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক ও প্রভাষক তানভীর আহমেদ।

প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ব্যবহারকারী-সৃষ্ট কনটেন্ট (ইউজার জেনারেটেড কনটেন্ট—UGC) ও ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার নৈতিকতা ও মূলনীতি এবং সাংবাদিকতায় গ্রাফিকসের প্রাথমিক ধারণা ও ব্যবহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে। চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং মাঠপর্যায়ের সাংবাদিকসহ প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিশেষভাবে উল্লেখ্য, চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

প্রশিক্ষণ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ: সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব। মোবাইল: ০১৭১১০১৩৪৪৪। এদিকে, আমন্ত্রিত (তালিকায় মনোনীত) জেলার ৭উপজেলার প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রশিক্ষণার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।