কচুয়ায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ
কচুয়ার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, প্রধান শিক্ষক মুনসী মোঃ বাছির উদ্দিন।
কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক মুনসী মোঃ বাছির উদ্দিনের সভাপতিত্বে সহকারী শিক্ষক ইকবাল হোসেনের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, হাবিবুন নবী সুমন, আব্দুর জাব্বার বাহার, এনামুল হক প্রধান, জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক মামুন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠা অপরিহার্য। একজন শিক্ষার্থীর সফল ভবিষ্যতের জন্য শিক্ষক ও অভিভাবকের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রেখে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে একসঙ্গে সচেতন ভূমিকা রাখতে হবে।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





