সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মাছ কিনতে গিয়ে সড়ক সড়কে প্রাণ গেল যুবকের

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৩ পিএম
চাঁদপুরে মাছ কিনতে গিয়ে সড়ক সড়কে প্রাণ গেল যুবকের
চাঁদপুরের ফরিদগঞ্জে ফজরের নামাজ আদায় করে মাছ কিনতে বাজারে যাওয়ার পথে মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবক কাভার্ড ভ্যানচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দু’জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর–লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আরিফ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করেন এবং চালক–হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।
নিহত রোমান ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন-একই গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ (১৭)।
স্থানীয়রা জানায়, সকালে রোমান ও তার দুই সঙ্গী চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ পড়ে মাছ কেনার উদ্দেশ্যে হেঁটে ভাটিয়ালপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন থেকে দ্রুতগতিতে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো–ট–১৩–৩১২৪) তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন। আহত বাপ্পি ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ এর চালক মো. ইমরান (২৬) ও হেলপার মো. ইকরামকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ইমরান ও ইকরাম সহোদর। তারা ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামের বাসিন্দা। তাদের বাবা আনসার হাওলাদার। কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালগামী ছিল বলে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।