মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম
চাঁদপুরে আয়াত ফাউন্ডেশনের ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ
অসহায় ও কর্মহীন মানুষের জীবনে স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করতে মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আয়াত ফাউন্ডেশন। এই উদ্যোগের অংশ হিসেবে চাঁদপুরে মোট ১০টি ব্যাটারি চালিত রিক্সা বিতরণ করা হয়েছে, যা অনেক পরিবারের জন্য হয়ে উঠেছে জীবিকা নির্বাহের নতুন আশার আলো।
মঙ্গলবার ১৭ মার্চ (২০২৬ ইং) চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদরাসা রোড এলাকায় অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি রিক্সা বিতরণ করা হয়। এর ৩দিন আগে আরও ৫টি রিক্সা বিতরণ করা হয়েছিল। ধারাবাহিক এই উদ্যোগের মাধ্যমে মোট ১০ জন সুবিধাবঞ্চিত মানুষ পেয়েছেন নতুন করে কর্মসংস্থানের মাধ্যমে জীবন  শুরু করার সুযোগ।
রিক্সা বিতরণ কার্যক্রম পরিচালনা ও বিতরণ করেন আয়াত ফাউন্ডেশনের চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হযরত আলী মাল ও মহিউদ্দিন পাঠান।
আয়াতের নানা হযরত আলী মাল বলেন, সমাজে অনেক মানুষ রয়েছেন যারা কাজ করতে ইচ্ছুক, কিন্তু সামান্য একটি উপকরণের অভাবে পিছিয়ে পড়েন। তাদের পাশে দাঁড়িয়ে স্বাবলম্বী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, দান নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই তাদের প্রধান উদ্দেশ্য, যাতে উপকারভোগীরা সম্মানের সঙ্গে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারেন।
রিক্সা পেয়ে উপকারভোগীদের চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার ঝিলিক। তারা বলেন, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং পরিবার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।
উল্লেখ্য, আয়াত ফাউন্ডেশন ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার চাঁদপুর শহরে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নিয়মিত এক বেলা ভালো খাবার বিতরণ করে আসছে, যা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।