মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম
চাঁদপুর কারাগারে বন্দিদের জন্য দিনব্যাপী ঈদের বিশেষ আয়োজন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দিদের পরিবেশনায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে দিনব্যাপী বর্ণাঢ্য ও আনন্দঘন নানা কর্মসূচির আয়োজন করা হয়। কারা কর্তৃপক্ষের উদ্যোগে বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ধর্মীয়, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়।

দিনের শুরুতে স্টাফ ও বন্দিদের অংশগ্রহণে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপর বন্দিদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়। সকালের নাস্তায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, ভাত, গরু/খাসির মাংস, মুরগির রোস্ট, মিষ্টি, সালাদ, কোমল পানীয় ও পান-সুপারি। রাতের খাবারে ছিল সাদা ভাত, আলুর দম ও রুই মাছ।

ঈদ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়, যেখানে একই ধরনের সমৃদ্ধ মেন্যু পরিবেশন করা হয়। এছাড়া বন্দিদের মধ্যে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়, যা সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

কারাগারের ভেতরে বন্দিদের পরিবেশনায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি বিজয়ী ও পরাজিত দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

Model Hospital

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, কারাগার শুধুমাত্র শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বন্দিদের মানসিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ঈদের মতো আনন্দঘন দিনে বন্দিদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করা তাদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। আমরা চাই, তারা নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা পাক এবং ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

সবশেষে তিনি বন্দিদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। এছাড়াও কারাগারের জেলার মোঃ জুবাইর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে কারাগারের ভেতরেও ঈদের আনন্দ ও মানবিকতা ছড়িয়ে দেওয়ার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম
নজরুল-বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থীর সাফল্য

নজরুল-বর্ষ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুরের ২৫ শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা সংগীত, একক অভিনয়, নৃত্য, কবিতা আবৃত্তি, হামদ-নাত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করেন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, নজরুলসংগীতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষ্ণকলি দেবনাথ ও দীপা রায় চৈতী; একক অভিনয়ে মৈত্রী শিশু উদ্যানের স্বস্তিকা শর্মা, আল-আমিন একাডেমি স্কুলের সাহেলা মেহজাবীন ছোঁয়া এবং চাঁদপুর সরকারি কলেজের মরিয়ম আক্তার প্রথম স্থান অর্জন করেছে।

এ ছাড়া হামদ-নাত/ইসলামি সংগীতে নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসার ফাতেহা আল জাকিয়া, রচনা প্রতিযোগিতায় হাঁসা ফাজিল মাদ্রাসার মো. জিসান এবং নজরুলের কবিতা আবৃত্তিতে রামপুর বাজার দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার মিনহাজুল আরেফিন প্রথম স্থান অর্জন করেছে।

এছাড়া নজরুলসংগীতে চাঁদপুর সরকারি মহিলা কলেজের সানজিদা আলম সাঞ্জু; একক অভিনয়ে মোহাম্মদীয়া কিন্ডারগার্টেনের আরিশা ইসলাম জারিন; একক নৃত্যে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রিয়া সরকার; রচনা প্রতিযোগিতায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবিহা আরেফিন হেলেন দ্বিতীয় স্থান অর্জন করেছে।

Model Hospital

মাদ্রাসা পর্যায়ে ইসলামিক সংগীত/গজলে মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার জারিন আক্তার ও গাউছিয়া হাশেমিয়া সেকান্দার আলী সুন্নিয়া মাদ্রাসার মুহাম্মদ সোহেল; হামদ-নাতে গন্ডামারা এ.বি.এস. ফাজিল মাদ্রাসার মো. আব্দুর রহমান ও কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার মো. জিল্লুর রহমান; রচনায় রাগৈ ইসলামীয়া আলিম মাদ্রাসার আরাফা আক্তার এবং উপস্থিত বক্তৃতায় রাজারগাঁও ফাজিল মাদ্রাসার শামিমা আক্তার দ্বিতীয় স্থান অর্জন করেছে।

নজরুলসংগীতে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুকৃতি চক্রবর্তী; একক নৃত্যে কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের পারিজাত সাহা; একক অভিনয়ে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ওয়াশপিয়া আলম আরিশা; কবিতা আবৃত্তিতে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের মিফতাহুল জান্নাত তৃতীয় স্থান অর্জন করেছে।

মাদ্রাসা পর্যায়ে ইসলামিক সংগীত/গজলে ফরাজিকান্দী ওয়েসিয়া কামিল মাদ্রাসার আব্দুল হাদি জিসান; কবিতা আবৃত্তিতে যাদবপুর এম. আর. ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইয়াহিয়া মাহমুদ এবং উপস্থিত বক্তৃতায় কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার আবদুল্লাহ আদিল আহনাফ তৃতীয় স্থান অর্জন করেছে।

বিভাগীয় পর্যায়ে চাঁদপুরের শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা কালচারাল অফিসার দিতি সাহা জানান, বিভাগীয় পর্যায়ে যাঁরা প্রথম হয়েছেন, তারা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।

সাংস্কৃতিক অঙ্গন সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্য-সংস্কৃতির চর্চা এবং নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের প্রত্যাশা, বিভাগীয় পর্যায়ে অর্জিত এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও চাঁদপুরের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখবে।