শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তি উৎসবে সেরা কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম
চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দেড়যুগ পূর্তি উৎসবে সেরা কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা ও প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পুরস্কার বিতরণ করেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক মানিকুর রহমান মানিক।

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে দ্বিতীয় সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতা ও প্রথম সেরা আবৃত্তিশিল্পী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চাঁদপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক দীন মোহাম্মদ জিল্লুর সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী প্রসিকিউটর মো. মাসুম আলম, জহিরুল ইসলাম এবং চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান কবির।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন চাঁদ নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রানী ঘোষ এবং হাসান আলী সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিগমা আহসান কনক।

সন্ধ্যায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেরা কণ্ঠ ও আবৃত্তি প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য এমদাদুল হক মিলন, সমন্বয়কারী উম্মে আয়েশা খানম শম্পাসহ অন্যরা।

Model Hospital

প্রতিযোগিতায় সংগীত বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আনন্দধ্বনি একাডেমির অধ্যক্ষ রফিক আহমেদ মিন্টু ও সংগীত নিকেতনের শিক্ষক বাবুল চক্রবর্তী। আবৃত্তি বিভাগের বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং পুরাণবাজার কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নুপুর বিশ্বাস।

সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা উপস্থাপনা করেন উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিক খান, অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি এবং সাইদ হোসেন অপু চৌধুরী।

যন্ত্রসংগীতে সহযোগিতা করেন উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মৃণাল সরকার ও বীরেন সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের প্রধান যুগ্ম আহ্বায়ক তাবিবুর রহমান রিঙ্কু, সমন্বয়কারী আসমা আক্তার, রাত্রি কর্মকারসহ অন্যরা।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে এম কে বিল্ডার্স।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।