সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সদরে নিরাপদ অভিবাসন বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম
চাঁদপুর সদরে নিরাপদ অভিবাসন বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলায় জিএমসি, এমআরপিসি ও এলজিআই কমিটির সদস্যদের অংশগ্রহণে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা মডেল মসজিদ, চাঁদপুর সদরে Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের ফেইজ-২-এর উদ্যোগে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, অভিবাসন প্রক্রিয়ায় সঠিক তথ্য, সচেতনতা ও যথাযথ দিকনির্দেশনা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে জিএমসি, এমআরপিসি ও এলজিআই কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অভিবাসনপ্রত্যাশী ও প্রবাসী পরিবারের সদস্যদের সচেতন করা, সরকারি বিভিন্ন সেবার সঙ্গে তাঁদের সংযোগ স্থাপন এবং অভিবাসনসংক্রান্ত সমস্যা ও বিরোধ নিরসনে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কমিটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুর রহমান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম শফিকুল।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিসিডিএর জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহাসান, প্রকল্প কর্মকর্তা মো. শাহজাহান এবং উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।
কনফারেন্সে স্থানীয় পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং অভিবাসী ও তাঁদের পরিবারের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (সিসিডিএ), বাস্তবায়নাধীন সিমস (SIMS) প্রকল্প, ফেইজ-২।

কচুয়া কড়ইয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ পিএম
কচুয়া কড়ইয়া ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

কচুয়া উপজেলার ৯নং কড়‌ইয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গণে এ কর্মসূচি উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। এসময় তিনি নলুয়া বাজারের বিভিন্ন সড়ক ও বাজারের অলিগলি মশা নিধনের কর্মসূচি বাস্তবায়ন করে। বাজারে ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতা নির্দেশনা প্রদান করেন ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন,সরকারের দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচি থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন,ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। এ জন্য প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন।
এসময় ইউনিয়ন পরিষদ সচিব লিটন হোসেন, হিসাব সহকারী মামুন হোসেন, ইউপি সদস্য মিন্টু মিয়া, সেলিম হোসেনসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা, বাজারের ব্যবসায়ীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।