বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতের সবজিতে বর্ণিল খেত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ২:৪৩ পিএম
শীতের সবজিতে বর্ণিল খেত

মনিরুল ইসলাম মনির : শীত এসে কড়া নাড়ছে দরজায়। আর এই সময়টা মূলত শীতকালীন সবজি চাষের সঠিক সময়। তাই মতলব উত্তরের বিভিন্ন এলাকার কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। অনেক কৃষকের খেত লাল-সবুজের রূপ নিয়েছে।

শীতের শুরুতে এলাকার চাহিদা মেটানোর পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও বিভিন্ন জাতের সবজি পাঠান মতলব উত্তরের কৃষকেরা। সেই লক্ষ্যে প্রতিদিন ভোরে কোদাল, বালতি, স্প্রে মেশিন নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা। বিকেল অবধি মাঠে থেকে চারার গোড়ায় পানি ঢেলে সবাই বাড়ি ফিরছেন। তাঁদের কেউ দাঁড়িয়ে কোদাল চালাচ্ছেন, আবার কেউ গাছের গোড়ার আগাছা তুলছেন।

সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ এই কৃষকের মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে সারি সারি শিম, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মুলা, টমেটো, করলা, পটোল, মুলাশাক, পালংশাক ও লালশাকসহ অনেক রকমের শীতকালীন সবজির চারা। এ ছাড়া কিছু সংখ্যক কৃষক আগাম সবজি চারা রোপণ করায় এখন ফসল তুলে বাজারে বিক্রয় করে অধিক মুনাফা অর্জন করছেন।

হানিরপাড় এলাকার মাহবুব বলেন, শীতকালীন সবজি তুলনামূলকভাবে কম সময়ে বাজারে তোলা যায়। নিয়মিত বিক্রি করা যায়। কমবেশি যাই হোক, হাতে নিয়মিত টাকা আসে। তা দিয়ে সংসারের খরচ জোগানো সহজ হয়। এ ছাড়া পরিবারের খাবারের চাহিদা মেটানো যায়।

Model Hospital

পালালোকদি এলাকার হাশেম বলেন, ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য জৈব সার দিয়ে আমার সাড়ে সাত শতাংশ জমি প্রস্তুত করেছি। কিছুদিন আগে বীজ বপন করেছি। আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে আমার জমির ফুলকপি ও বাঁধাকপি বাজারে পাঠানো যাবে বলে আশা করছি।

আদুরভিটি এলাকার কৃষক নুরনবী বলেন, পূর্ব পুরুষ থেকেই আমরা শীতকালীন শাক-সবজির চাষ করে আসছি। সবজি চাষের জন্য আমাদের খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে মূলধনও কম লাগে। তবে পরিশ্রমটা একটু বেশিই করতে হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকাসহ চরাঞ্চলে ব্যাপক হারে তরকারি চাষ হয়েছে। কৃষি অফিসারগন তদারকিসহ পরামর্শ প্রদান করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital