শাহরাস্তিতে দাওয়াত খেতে গিয়ে প্রতিবেশীর পুকুরে ডুবে রায়হানের মৃ’ত্যু
শাহরাস্তিতে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পুকুরে ডুবে ১৮ মাস বয়সি এক শিশুর করুন মৃত্যু হয়েছে।

শুক্রবার পড়ন্ত বিকেলে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের শ্রীপুর মহল্লার পাথুরিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ওই বাড়ির আব্দুর রহিম ও নাসরিন আক্তার দম্পতির একমাত্র শিশুপুত্র আব্দুর রায়হানকে (১৮ মাস) কোলে নিয়ে পার্শ্ববর্তী ফারুকের বাসায় ঘুরতে যান। সেখানে গিয়ে মা নাসরিন শিশুটিকে কোল থেকে নামিয়ে ওই পরিবারের সদস্যদের সাথে কথার আড্ডায় ব্যস্ত হয়ে পড়েন।

ওই সুযোগে শিশু রায়হান হাটি হাটি পা পা করে মাকে ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী পুকুরে নেমে পড়ে।

এদিকে কিছু সময় অতিক্রান্ত হলে মা শিশুটিকে খুঁজতে শুরু করেন।
পরে তার মায়ের আত্মচিৎকারে স্বজনরা এসে শিশুটিকে খোঁজা শুরু করে, কোথাও সন্ধান না পেয়ে সবাই হতাশ হয়ে পড়ে।
একপর্যায়ে তার মা নাসরিন পুকুরের পশ্চিম পাড়ে গিয়ে শিশু রায়হানকে পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসতে দেখেন। মুহূর্তেই স্বজনরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে শিশুটির দাদা আবুল বাসার বলেন, ওইদিন সন্ধ্যায় আমার হতভাগ্য নাতি রায়হানকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।







