বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসহ্য গরমের পর চাঁদপুরে হঠাৎ দেখা মেলে স্বস্তির বৃষ্টি

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৩২ এম
অসহ্য গরমের পর চাঁদপুরে হঠাৎ দেখা মেলে স্বস্তির বৃষ্টি
গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর চাঁদপুরে দেখা মেলে স্বস্তির বৃষ্টি। তবে এই বৃষ্টি অনেকের কাছে স্বস্তির হলেও কৃষকরা পড়েছেন দুঃচিন্তায়। জেলার আট উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ের সাথে শিলা বৃষ্টিও হয়। এতে করে আম, লিচু, ভুট্টা, গম ও ধানসহ উঠতি ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার পরেই চাঁদপুরের বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। এর আগে উত্তরের আকাশ ছিল মেঘাছন্ন। কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ। এর পর শুরু হয় প্রবল বাতাস। বাতাসের সাথে প্রচন্ড বেগে আশা কালবৈশাখী ঝড় যেন সবকিছুকে লন্ডভন্ড করে দিচ্ছিল। গাছপালা, বাড়িঘরসহ সবকিছু যেন উড়ে নিয়ে যাচ্ছিল। ঝড়ের সাথে অন্ধকারে ছেয়ে যায় পুরো এলাকা। এতে করে কিছু কিছু স্থানে গাছপালা ভেঙ্গে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বড় ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এ সময় চাঁদপুরের পদ্মা মেঘনা নদী উত্তাল হয়ে পড়ে। নদীতে থাকা লঞ্চের যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়। বৃষ্টির সাথে সাথেই জেলার বেশিরভাগ ছোট বড় বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। সড়কে কমে গিয়েছে যানবাহনের সংখ্যাও। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেক মানুষকে।
এদিকে স্থানীয় কৃষকরা বলেন, তাদের বোরো ধান কাটা শুরু হয়েছে মাত্র। আগামি সপ্তাহে পুরোদমে ধান কেটে ঘরে তুলবেন তারা। কিন্তু এই ঝড় বৃষ্টিতে অনেক জায়গায় মাটিতে হেলে পড়েছে পাকা ধান। অনেক স্থানে ঝরে গেছে গাছের ধান। গ্রামের মানুষ জানান, শিলা বৃষ্টিতে জেলায় অধিকাংশ গাছের আম পড়ে গেছে।
এছাড়া শিলার আঘাত লাগায় অনেক গাছের আম নষ্ট হয়ে যাওয়ারও আশংকা রয়েছে। এছাড়াও ভুট্টাসহ অন্যান্য কৃষি জমি নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।