বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিরসরাইয়ের ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০:৩৭ এম
মিরসরাইয়ের ঝরনা দেখতে গিয়ে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল তিনটা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর মরদেহগুলো উদ্ধার করেন। মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া পর্যটকেরা হলো চট্টগ্রাম শহরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)। আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও আরিফ ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।

আবছারের বড় ভাইয়ের স্ত্রী পলি আক্তার বলেন, রোববার সকালে আকবর শাহ এলাকা থেকে ওরা ৯ বন্ধু মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় জানতে পারি আবছার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে আবছার সবার ছোট।

Model Hospital

আবছার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান বলেন, ‘রোববার সকালে আমরা ৯ বন্ধু চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝরনার ওপরে উঠেছি। ঝরনা থেকে নামার সময় বিকেল সাড়ে ৩টায় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকিট কাউন্টারে জানানোর পর তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সাঁতার না জানার কারণে ঝরনা থেকে কূপের পানিতে পড়ে ডুবে মারা গেছে তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের লোকজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital