মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেনীর বানভাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির চাঁদপুরের মানবতার বন্ধন সামাজিক সংগঠন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৮:৪৫ এম
ফেনীর বানভাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির চাঁদপুরের মানবতার বন্ধন সামাজিক সংগঠন
টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার কবলে পড়েছে দেশের কয়েকটি জেলা ও উপজেলা। স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীতে বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন এর সদস্যরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনী শহর, ছাগলনাইয়া ও পশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
পাঁচটি প্যাকেজে ত্রাণ সামগ্রীর মধ্যে ১ম প্যাকেজে ছিল মুড়ি ১কেজি, বিস্কিট ৫০০ গ্রাম, চানাচুর ৫০০ গ্রাম, মোমবাতি ২পিস, কয়েল ২পিস, লাইটার ১পিস ও মিনারেল পানি ২ লিটার করে ৩ শতাধিক মানুষের মাঝে এই পণ্যগুলো দেয়া হয়।
২য় প্যাকেজে ছিল চাল ৩ কেজি, ডাল- ৫০০গ্রাম, তেল আধা লিটার, পেঁয়াজ ১কেজি, আলু ২কেজি, হলুদ ১০০গ্রাম, মরিচ ১০০গ্রাম ও মিনারেল পানি ৫ লিটার।
এছাড়াও ৩য় প্যাকেজে প্রয়োজনীয় ঔষধের মধ্যে নাপা এক্সট্রা, টাপনিল, ওমিডন, মোনাস-১০, ডক্সিভা-২০০, জিঙ্ক, স্যালাইন ও স্যানেটারী ন্যাপকিন।
৪র্থ প্যাকেজে আশ্রয়কেন্দ্রে থাকা দুই হাজার ব্যক্তির জন্য বিরিয়ানি বিতরণ করা হয়। সেই সাথে ৫ম প্যাকেজে ছোট বড় প্রায় দেড়শ মানুষের জন্য প্রয়োজনীয় জামা কাপড় বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
মানবতার বন্ধন সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের এই সংগঠনটি বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এই ত্রাণসামগ্রী প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্যাকবলিত প্রায় আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন প্রকার শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
তিনি আরো বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে মনের আত্মতৃপ্তি পেয়েছি৷ কারন আমরা নিজেরাই সকল ত্রাণ সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের এই মানবিক কাজে সংগঠন এবং সংগঠনের বাইরে এলাকাবাসী অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ এবং মানবতার কল্যাণে আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।
সংগঠনটির উপদেষ্টা মোবারক খান ও সভাপতি মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন সংগঠনের সদস্য নুর আলম খাঁন, আল আমিন মিজি, মো. রাজন, এমরান হোসেন, মিরন, রাজু, নাজমুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

চাঁদপুরে সরকারি কোনো সম্পত্তি বেদখল থাকতে দেব না’ এমপি মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম
চাঁদপুরে সরকারি কোনো সম্পত্তি বেদখল থাকতে দেব না’ এমপি মানিক

চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, সে যত বড় প্রভাবশালীই হোক, কোনো সরকারি সম্পত্তি বেদখল থাকতে দেব না। সরকারি বিভিন্ন দপ্তরের যেসব সম্পত্তি বেদখল রয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সেগুলো উদ্ধার করতে হবে। সরকারের জায়গা সরকারের কাছেই ফিরে আসবে। সরকারি সম্পত্তি উদ্ধার করতে পারলে সরকার আপনাদের পুরস্কৃত করবে।

তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

ডেঙ্গু প্রতিরোধে বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। অফিস-আদালত, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়। তাই লার্ভা ধ্বংস করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Model Hospital

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্রায় ৭০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে ওষুধ ও স্যালাইনের মজুদ রয়েছে। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্পর্কে বলেন, সদর উপজেলায় ইতোমধ্যে ৩৫০০ পরিবারের জরিপ সম্পন্ন হয়েছে। এর মধ্যে চাঁদপুর পৌরসভায় ২ হাজার এবং সদর উপজেলায় ১৫০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো বলেন, অনেক মানুষ আড়াই হাজার টাকা আর্থিক সহায়তার বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেন না। তাই সহজ ভাষায় তাদের বিষয়টি বুঝিয়ে বলতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে, যাতে তারা ধর্মীয় উপাসনালয়ে উপস্থিত মানুষের কাছে ফ্যামিলি কার্ডের বিষয়টি তুলে ধরেন।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীতে অভিযান পরিচালনা করছেন। মা ইলিশ রক্ষায় তাদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়।

তিনি বলেন, জেলেরা যাতে তাদের প্রাপ্য সরকারি সহায়তা শতভাগ পান, সে বিষয়ে আমরা চেষ্টা করেছি। আগামী অভিযানগুলো আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন, তাদের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

ওএমএসের চাল বিতরণে অনিয়মের বিষয়ে বলেন, ওএমএসের চাল বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে প্রকৃত উপকারভোগীরা ঠিকমতো চাল পাচ্ছেন না। এ বিষয়ে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত তদারকি করতে হবে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সাল, চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মীর্জা ওমর ফারুক, কোস্টগার্ডের মো. আবদুস সামাদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার তপন রায়, সদর উপজেলা পিআইইউ মোহাম্মদ আফতাবুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, অ্যাড. শিরিন আক্তার সুপ্তা, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চেম্বার অব কমার্সের পরিচালক শাহাজাহান কবির খোকা, চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ইব্রাহিমপুর ইউনিয়নে সরকারি সম্পত্তি উদ্ধারে চলমান অভিযান একটি যুগান্তকারী পদক্ষেপ। সেখানে দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখল ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিকবার অভিযান পরিচালনা করেও দখলদারদের নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তবে সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের চলমান কার্যক্রম প্রশংসনীয়।

তারা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। মাদক, অবৈধ দখল ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।