সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজিংয়ে চলছে বালি উত্তোলনের মহোৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ২:১১ পিএম
মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজিংয়ে চলছে বালি উত্তোলনের মহোৎসব
গাজী মোঃ মহসিন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড করবন্দ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান তাফছিরুল হাসান সেলিম পাটওয়ারীর বাড়ির দক্ষিণ পার্শ্বের ফসলি জমি থেকে অবৈধ ড্রেজিংয়ে চলছে অবাদে বালি বিক্রির মহোৎসব।
শুক্রবার (১২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় এ এলাকার বিশাল একটি বিলের ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে বালি বিক্রি করছেন জমির মালিক। অথচ আশে পাশে অনেক ফসলি জমি রয়েছে। এভাবে বালি উত্তোলন অবৈধ জেনেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে মাটি বিক্রি করে যাচ্ছেন জমির মালিক সেলিম চেয়ারম্যান এর বাড়ির মোঃ মুকবুল পাটওয়ারী (মুকুল)।
এতে আশেপাশের সকল ফসলি জমি হুমকির মুখে পড়ছে। উক্ত স্থানটি মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সীমানা ঘেঁষা একটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছেন জমির মালিকরা।
শুক্রবার উক্ত এলাকায় গিয়ে দেখা যায়, এ জমি থেকে মাটি উত্তোলন করে প্রায় এক কিলোমিটার দূরে সড়কের পাশে ১৯ শতাংশের একটি জমি ভরাট করা হচ্ছে। এর আগেও কয়েকটি জমি ভরাট হয়েছে একইভাবে বলে জানিয়েছেন এলাকাবাসী। হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার মোঃ রফিকুল্লাহর মালিকানাধীন ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। ড্রেজার মালিক রফিকুল্লাহ এ প্রতিবেদককে জানান, এটি অবৈধ সেটা জানি। বৈধ অবৈধ হিসেব করলে অনেক কিছুই করা যায়। তবে জমির মালিকের পারিবারিক সমস্যার কারনে গত এক সপ্তাহ ধরে বালি উত্তোলন করতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জমির মালিক চাইলে আমি ড্রেজার উঠিয়ে নিয়ে চলে আসবো। এদিকে ভরাট হতে যাওয়া জমির মালিক হাজী মোখলেছুর রহমান বলেন, আমার ১৯ শতাংশ জমি ৯ টাকা ফুটে ভরাট করে বাড়ি করার উপযোগী করার উদ্যোগ নিয়েছি। আজ থেকে বালি ভরাটের কাজ শুরু হলেও মেশিন কিছুক্ষণ চলে আবার বন্ধ হয়ে গেছে কেন তা জানি না।
এ বিষয়ে জমির মালিক মুকুল পাটওয়ারী সাংবাদিকদের বলেন, আমি জানি এটা অবৈধ। তারপরও টাকার প্রয়োজনে নিজ জমি থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছি।
এই বিষয়ে উপাদী দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানীয়া বলেন, আমি খবর পেয়ে ঐখানে কয়েকবার গ্রাম পুলিশ পাঠিয়েছি। গ্রাম পুলিশ গেলে মেশিন বন্ধ রাখে এবং চলে আসলে পূণরায় চালু করে দেয়। প্রয়োজনে আবারো গ্রাম পুলিশ পাঠাবো। তবে এ বিষয়ে এসি ল্যান্ড মহোদয়কে বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে। এদিকে উক্ত এলাকাবাসী অবৈধ ড্রেজিং বন্ধ করে আশেপাশের ফসলি জমিগুলো রক্ষা করতে প্রশাসনের সু দৃষ্টি কামনা করছেন।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার মোবাইল ফোনে শুক্রবার বিকেলে কল দিলে রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।

পেশাদার সাংবাদিকতা সুরক্ষা ও আবাসনসহ ৪ দফা দাবি চাঁদপুর প্রেস ক্লাবের

অপ-সাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম
অপ-সাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চঁদপুর প্রেস ক্লাবের নেতৃৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের কাছে বিভিন্ন দাবি দাওয়ার আবেদন প্রদান করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সোমবার (৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
 জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “বর্তমানে অনেকেই যাচাই-বাছাই ছাড়া নিউজ পোর্টাল পরিচালনা করছেন। একই সাথে ফেসবুকনির্ভর সাংবাদিকতাও বেড়েছে। তথ্য সমৃদ্ধ না হওয়ায় ভুল সংবাদে বিভ্রান্তি ছড়ায়, যা রাষ্ট্র ও প্রশাসনের ক্ষতি করে। আপনারা আমাদের রোল মডেল, তাই অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চঁদপুর প্রেস ক্লাবের নেতৃৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে দ্রুত বেশ কিছু সমস্যার সমাধান সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান। এছাড়া   নিষ্ক্রিয়  থাকা জেলা প্রশাসনের ‘মিডিয়া সেল’ দ্রুত সচল করা, প্রেস ক্লাবের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রী প্রদান এবং সাংবাদিকদের আবাসনের জন্য সরকারি জমি বরাদ্দের বিষয়টি সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে বিবেচনার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক আরও জানান, জেলায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রয়েছে এবং ইলিশ সংরক্ষণ অভিযানে খালের মুখ বন্ধ করে পুলিশ পাহারা নিশ্চিত করা হবে। চাঁদপুরের সৌন্দর্য বর্ধনে নজরুল পার্ক এবং পানি উন্নয়ন বোর্ডের অব্যবহৃত জমিতে তিনটি পার্ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। একই সাথে মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা ব্যবহারের ক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণের তাগিদ দেন।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, “চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে মাঠ পর্যায়ে সাংবাদিকদের ঝুঁকি নিতে হয়। সংবাদ মাধ্যম ও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই এই পেশা এবং প্রেস ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।” তিনি হলুদ সাংবাদিকতা রোধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সংবাদ সংগ্রহে চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বদশা যোগদান করায় তাকে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভায় প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে চার দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো :
১. সাংবাদিকদের আবাসন ব্যবস্থার জন্য জমি বরাদ্দ।
২. অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান।
৩. পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যাপারে সহযোগিতা  করা।
৪. চাঁদপুর প্রেস ক্লাবের জন্য আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী বরাদ্দ দেওয়া।
সভার শুরুতে পরিচয় পর্বশেষে জাতিসংঘের ৮১তম অধিবেশনে সংবাদ সংগ্রহ শেষে দেশে ফিরে আসায় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশাকে জেলা প্রশাসন ও প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় বাবুরহাট এলাকায় পৌরসভার নাম ভাঙিয়ে গণপরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহিন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জোবায়ের, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, দৈনিক চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূঁইয়া, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এ এইচ এম নিজাম,  নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা রহমান এবং চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।
সভায় চাঁদপুর প্রেস ক্লাবের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।