হাজীগঞ্জে সাড়ে ৩ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ ফরিদগঞ্জের নারী আটক
চাঁদপুরের হাজীগঞ্জে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০০টি ইয়াবা বড়িসহ নার্গিস আক্তার (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মকিমাবাদ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, বুধবার রাত আনুমানিক আটটার দিকে চাঁদপুর জেলা বিশেষ শাখার (ডিএসবি) একটি সূত্রের মাধ্যমে খবর আসে, ফরিদগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জুয়েল হাজীগঞ্জ চৌরাস্তা মোড়ে অবস্থান করছেন। খবর পেয়ে ডিএসবির সদস্যরা সেখানে গিয়ে জুয়েলের পরিচয় ও ঠিকানা জানতে চান এবং একপর্যায়ে বিষয়টি হাজীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জানান।

এ সময় জুয়েলের স্ত্রী নার্গিস ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁর কান্নাকাটির একপর্যায়ে জুয়েল সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

পরে হাজীগঞ্জ থানার পেট্রোল ডিউটিতে থাকা এসআই আবু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মকিমাবাদ এলাকায় জুয়েল ও নার্গিসের ভাড়া বাসায় অভিযান চালান। ছয়তলা ভবনের ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় নার্গিস আক্তারকে আটক করা হয়।

আটক নার্গিস আক্তার ফরিদগঞ্জের নুরুল আমিনের মেয়ে। তাঁর স্বামী জুয়েল। তাঁরা হাজীগঞ্জের মকিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





