সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ এম
মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০
কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে চাঁদপুরের মতলব সার্কেলের আওতাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মোট ৯০ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিচালিত অভিযানে মতলব উত্তরে ৫৩ জন এবং মতলব দক্ষিণে ৩৭ জনকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, আটককৃতদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। এছাড়া নয়জনকে মোবাইল ফোনে অনলাইন গেমের মাধ্যমে জুয়া খেলাবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের ক্ষেত্রে অভিভাবকদের উপস্থিতিতে প্রয়োজনীয় কাউন্সেলিং ও মুচলেকা গ্রহণের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে অবস্থান না করে পড়াশোনা ও নিজ নিজ দায়িত্বে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাদকের স্পট, অন্ধকার ও নির্জন স্থানে সন্দেহজনক আড্ডা, ইভ টিজিং, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার জন্য সতর্ক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো শিক্ষার্থী বা তরুণকে অযথা হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। বরং কিশোর-তরুণদের অপরাধ থেকে দূরে রেখে মতলব এলাকায় একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এ ধরনের অভিযানের মূল লক্ষ্য।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।