বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চরের অরক্ষিত অঞ্চলকে সুরক্ষিত করতে পুলিশ ফাঁড়ি হচ্ছে বাহেরচরে

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১২:১৭ এম
চরের অরক্ষিত অঞ্চলকে সুরক্ষিত করতে পুলিশ ফাঁড়ি হচ্ছে বাহেরচরে

মতলব উত্তরের মেঘনা নদীর ওপারে থাকা দূর্গম চরাঞ্চলে বিভিন্ন সময় নানান ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। মামলা-মোকদ্দমার তদন্ত ছাড়া চরাঞ্চলে পুলিশের তেমন একটা যাওয়া পড়ে না। ফলে অপরাধীদের ধরতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানুষের জানমাল রক্ষায় দূর্গম চরাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি হচ্ছে। বাহেরচরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার আওতাধীন ৭নং মোহনপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মেঘনা নদীর পশ্চিম পাড়ে বাহেরচর গ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্থায়ী ভাবে পুলিশ ফাঁড়ি স্থাপন করার অনুমোদন দেয়া হয়েছে। ইতিমধ্যে মোহনপুর ইউনিয়নের বাহেরচর বাজার সংলগ্ন রাস্তার পাশে জমি ভরাটের কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, ডাকাতরা পূর্বের ডাকাতির ধারাবাহিকতায় ১৮ মে ২০২০ ইং তারিখে ভোর রাতে ঘুমিয়ে থাকা মানুষের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়, হামলায় প্রায় পঞ্চাশটি বসতঘর ভাঙচুর করে এবং ধারালো অস্ত্র দ্বারা ৭-৮ জনকে মারাত্মক জখম করে। ইতিমধ্যে ইউএনও মতলব উত্তর, এসপি সার্কেল, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং বাহেরচর একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেন।

এছাড়াও চলতি বছরে স্পীটবোট যোগে একটি গরুর ট্রলারে ডাকাতি করে পালানোর সময় নগত ৩৪ লক্ষ টাকা, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেন পুলিশ। এছাড়া আরও ১০/ ১৫টি ছোট বড় ডাকাতির ঘটনা ঘটেছে শুধু চলতি বছরে। গত তিন মাসে ১৫-১৬টি গরু লুট হওয়ার ঘটনা ঘটেছে।

Model Hospital

জানা যায়, ২রা জুন ২০২০ইং তারিখে আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি চরাঞ্চলে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য ডিও লেটার দেন। এরই পেক্ষিতে বাংলাদেশ পুলিশ, হেড কোয়ার্টারের আডিশনাল ডিআইজি (ওঅ্যাণ্ডএম) এনএন আক্তারুজ্জামান স্বাক্ষরিত পত্রে জানানো হয় মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর ডিও লেটার মোতাবেক বাহেরচরে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়।

উক্ত ডিও লেটারটি গত ২ জুন ২০২০ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদান করা হলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ১১ জুন ২০২০ তারিখে গ্রহণ করে। ১৮ জুন পুলিশ হেডকোয়ার্টার ঢাকার আডিশনাল ডিআইজি (ওএন্ডএম) আক্তারুজ্জামান স্বাক্ষর করে স্থায়ীভাবে বাহেরচর পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ জারি করেন।

বাহেরচরের স্থায়ী বাসীন্দা মোহনপুর ইউপি সদস্য শাহাদাত হোসেন জানান, আমরা প্রায় ৪০ বছর ধরে এই চরে বসবাস করে আমরা বিভিন্ন সময়ে বহুবার ডাকাতির কবলে পড়েছি। আমাদের গরু- ছাগল, জমির ফসল, স্বর্ণলংকার,টাকা পয়সা ডাকাতরা নিয়ে গেছে এবং আমাদের বসতঘর ভাংচুর করে জ্বালিয়ে দিয়েছে ডাকাতরা। মেহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের আপ্রাণ চেষ্টায় পুলিশ ফাঁড়ির জমি ভরাটের কাজের উদ্বোধন করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, বাহেরচর মুন্সিগঞ্জ ও শরিয়তপুর জেলা সীমানায়। মেঘনা ও পদ্মা নদীর তীরে। বিভিন্ন সময় মুন্সিগঞ্জ ও শরিয়তপুর থেকে ডাকাত দল বাহেরচরে ডাকাতি’সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত করে থাকে। পুলিশ ফাঁড়ি নির্মাণ হলে ডাকাতিসহ সবধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ হয়ে যাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকবে স্বাভাবিক।

যার ফলে পালটে যাবে চরাঞ্চলবাসীর জীবন মান উন্নয়ন। আমি চাই একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বিস্তীর্ণ চরাঞ্চলের অরক্ষিত অঞ্চলকে সুরক্ষিত করে চরাঞ্চলবাসীকে উন্নয়নের মূলপ্রবাহে নিয়ে এসে মোহনপুর ইউনিয়নকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দৃষ্টিনন্দন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, পুলিশ হেডকোয়ার্টারে কাগজপত্র জমা দেওয়া হয়েছে, পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি চলমান আছে। জমি ভরাটের কাজ উদ্বোধন করা হয়েছে। জমি ভরাট হলে কিছুদিনের মধ্যেই প্রথমে টিন সেট করে পুলিশ ফাঁড়ি স্থাপন কর হবে। আশা করছি পরবর্তিতে সরকারী বরাদ্ধ পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ ফাঁড়ির ভবন নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ