বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জে বুধবার ভোর রাতে শরিফের ভ্যারাইটিজ স্টোরে পুড়ে ছাই।

চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে সংঘটিত এক আকস্মিক অগ্নিকাণ্ডে শরিফ হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ভ্যারাইটিজ স্টোর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সমস্ত মালামাল ভস্মীভূত হওয়ায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই ব্যবসায়ী।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) ভোররাতে পৌরসভাধীন পশ্চিম বড়ালি এলাকার বাসু মিজির পোলসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক শরিফ হোসেন বাসু মিজি বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ৫-৬ বছর ধরে তিলে তিলে আমি এই দোকানটি গড়ে তুলেছিলাম। রাতের কাজ শেষে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু চোখের পলকে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কীভাবে এই আগুন লাগল তা আমি কিছুতেই বুঝতে পারছি না।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে হঠাৎ দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, ভোররাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় আনুমানিক ৮০ হাজার থেকে এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয় লোকজন দাবি করছেন, দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।

চাঁদপুর সদরে নতুন কুড়ি স্পোর্টস বাস্তবায়নে সভা

সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ পিএম
সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে : ইউএনও জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলায় নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২) কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে সভা অনুষ্ঠিত হয়েছে৷

১১নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরটি ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধন করেন। চাঁদপুরে মাননীয় সংসদ সদস্য নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করছেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য বর্তমান সরকারের এই মহান উদ্যোগ নিয়েছেন।

মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পর্যায়ের কোনো শিশু এই নিবন্ধন এবং অংশ নেওয়া থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করবেন।

Model Hospital

তিনি বলেন, খেলা চলাকালীন ফায়ার সার্ভিসের উপস্থিতি নিশ্চিত করা হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় নতুন কুড়ি স্পোর্টস সফল করতে হবে।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে। তিনি উক্ত বিষয়টি প্রচারে সহযোগিতা করেছেন।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা স্কাউটের সম্পাদক মোহাম্মদ হোসেন, চাঁদপুর সদর উপজেলার কাবাডি কোচ খোকন রকন্দাজ।

এসময় উপস্থিত ছিলেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: বিল্লাল হোসেন, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শীতল চন্দ্র দাস, হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মাহবুবর রহমানসহ অন্যান্যরা।

উক্ত নতুন কুড়ি স্পোর্টস শুরু হবে ১০ডিসেম্বর ২০২৬ ও শেষ হবে ১৫ডিসেম্বর ২০২৬তারিখ।