রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় রাতভর অপেক্ষা, সকালে মিলল লা’শ; বাবার আহাজারি!

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় রাতভর অপেক্ষা, সকালে মিলল লা’শ; বাবার আহাজারি!
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। খেলতে গিয়ে পানিতে পড়ে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ছয়টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের হাজী বাড়ির একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইয়াছিন হোসেন ওই গ্রামের হাজী বাড়ির দিনমজুর জিতুর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকেই শিশু ইয়াছিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত শনিবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুর বাবা।
অবশেষে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর রবিবার সকালে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখেন এক প্রতিবেশী। তার ডাক-চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা জিতু বলেন, আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারো প্রতি আমাদের কোনো সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, রবিবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি আগের দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের কৃতজ্ঞতা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে চাঁদপুর প্রেস ক্লাবে দুই দিনব্যাপী প্রেসক্লাবে ইতিহাসে  সর্ববৃহৎ পরিসরে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ও সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর প্রতি চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে  আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
তারা এক কৃতজ্ঞতা বার্তায় জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় জ্ঞান ও সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ  অত্যন্ত প্রশংসনীয়। চাঁদপুরের সাংবাদিক সমাজের জন্য এমন একটি সময়োপযোগী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।
বিশেষ করে ড. মো. সবুর খানের আন্তরিক সহযোগিতা, সুদূরপ্রসারী চিন্তা ও পৃষ্ঠপোষকতা চাঁদপুর প্রেস ক্লাবের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রা কামনা করছি।
কৃতজ্ঞতায়—
সোহেল রুশদী
সভাপতি
এম এ লতিফ
সাধারণ সম্পাদক
চাঁদপুর প্রেস ক্লাব।