শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা

সারাদেশে তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী যুব সংগঠন হলো যুবলীগ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ৯:২৯ পিএম
সারাদেশে তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী যুব সংগঠন হলো যুবলীগ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ জুলাই শুক্রবার বিকেলে শহরের আক্কাস আলী স্কুলে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, যুবলীগের ইতিহাস দীর্ঘ সংগ্রামের ইতিহাস। সারাদেশে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী যুব সংগঠন হলো যুবলীগ। চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় শক্তিশালী সংগঠন পৌর ও সদর উপজেলা যুবলীগ। চাঁদপুর পৌর যুবলীগের প্রত্যেকটি ওয়ার্ড যুবলীগ অত্যন্ত শক্তিশালী ও সুসংগঠিত।
তিনি আরো বলেন, আমি আশা করি জেলা যুবলীগও সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে নতুনভাবে গঠিত হয়ে এ যুবলীগকে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখবেন। এখানে আমাদের জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রয়েছেন। যিনি সাবেক ছাত্রনেতা, চাঁদপুরের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়। আমরা খুব আনন্দিত যে এ রকম বর্ধিত সভা প্রতিটি ওয়ার্ডে হচ্ছে। এতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম যদি চাঙ্গা না থাকে, তাহলে একটা সংগঠন গতিশীল হয় না। সেই জন্যই এ সাংগঠনিক কার্যক্রমগুলো খুব জরুরি। এখানে মতবিনিময় হবে, কোথায় কোন সমস্যা আছে, সেটা নিরূপণ হবে, সেই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে, সমাধান হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এদেশে বিরোধী পক্ষ আছে। তারা স্বাধীনতারও বিরোধীতা করে যাচ্ছে। মানুষ তাদেন আর কোনোদিন জায়গা দেবে না। আওয়ামী লীগ মানুষের প্রাণের দল। আওয়ামী লীগ স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা বিরোধীরা বারবার আমাদের গণতন্ত্রকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করেছে। এদেরকে প্রতিহত করতে যুবলীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মাসুদা নূর খান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মো. মালেক শেখ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর পৌর যুবলীগ সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।
পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মাঝির যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, যুবলীগ নেতা ওয়াসীম, রেলওয়ে শ্রমিক লীগ নেতা জুয়েল পাটওয়ারী, ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম আকাশ, যুগ্ম আহ্বায়ক ইমন বেপার, খালেদ খানসহ ১ থেকে ১৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকরা।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।