শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১১:২০ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ্তলী জিলানী চিশতী কলেজের আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯জুলাই (রবিবার) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে মাদক বিরোধী সমাবেশে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলম।

প্রধান অতিথি চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলম বক্তব্যে বলেন, আমি ঢাকা বিভাগসহ বিভিন্ন জায়গায় ওসি হিসেবে কাজ করেছি। বর্তমানে চাঁদপুরে ওসি হিসেবে কাজ করছি। প্রতিটি কর্মস্থানের নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছি। থানা পুলিশকে জনবান্ধব করার চেষ্টা করেছি । আপনারা প্রয়োজনে থানায় যাবেন, জিডি বা মামলা করতে থানায় কোন টাকা লাগে না। শিক্ষক ছাত্র-ছাত্রীদের জন্য থানা সবসময় উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, মাদক সমাজের একটি ভয়ানক ব্যাধি। যে পরিবারে একজন মাদক সেবনকারী রয়েছে, সে পরিবার ধ্বংস হয়ে যায়। একটি পরিবার ধ্বংস হওয়ার জন্য একজন মাদক সেবনকারী যথেষ্ট। তাই আমাদের মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মীয় ভাবেও মাদক নিষিদ্ধ। জনগণ হলো আমাদের প্রধান শক্তি, আমরা জনগনকে সাথে নিয়েই কাজ করছি। আমাদের দেশে ১হাজার ৪শ লোকের জন্য একজন পুলিশ। এতো কম জনবল নিয়ে আমাদের আইনশৃংখলা উন্নয়নে কাজ করতে হয় । ছাত্র-শিক্ষক সাধারণ জনগণের জন্য চাঁদপুর মডেল থানার দরজা সব সময় খোলা থাকবে। আপনাদের সহযোগিতায় আমি ও আমার থানা সবসময় যেকোন অপরাধ মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং প্রতিরোধে সোচ্ছার আছি এবং থাকব। আমি আপনাদের নিয়ে সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মো: আবুল কালাম আজাদের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমরা এই অঞ্চল গুলোতে মাদক বিরোধী অনেক প্রোগ্রাম করেছি। এ এলাকায় মাদক প্রতিরোধে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি। চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। পুলিশ মাদক নিমূলে সর্বাত্মক পরিশ্রম করে যাচ্ছে। আমরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবো ।

তিনি আরো বলেন, পুলিশ এখন জনবান্ধব। মানুষ যাতে থানা থেকে সর্বোচ্চ সেবা পায় আপনারা তা আন্তরিকভাবে দেখবেন। চাঁদপুর মডেল থানা পুলিশ যাতে সবার জন্য মডেল হয়। ৯৯৯ কল করে তাৎক্ষণিক সর্বোচ্চ সেবা পাওয়া যায়। অনেক ব্যস্ততার মাঝেও ওসি সাহেব আজকে আমাদের সময় দিয়েছেন, তাই ওনার প্রতি আমরা কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহারা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সিনিয়র প্রভাষক মিসেস নুরন্নাহার বেগম মুক্তাা, সিনিয়র প্রভাষক মো: হানিফ মিয়া, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও গভনির্ং বডির সদস্য মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক হালিমা বেগম, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, বালু ব্যবসায়ী মো: জসিম মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে শুরুতে কলেজের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মো: মুহসীন আলমকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান।

৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম
৩০ বছর ধরে গাছ লাগিয়ে গ্রামের সড়কের চিত্র বদলে দিলেন মসজিদের ইমাম রেজাউল

মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় ৩০ বছর ধরে বৃক্ষরোপণ করে আসছেন ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের মো. রেজাউল কিবরিয়া বাবুল। নিজের অর্থ ও উদ্যোগে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছের চারা রোপণ ও পরিচর্যা করে গড়ে তুলেছেন সবুজের আবরণ। তার লাগানো সারি সারি তালগাছে বদলে গেছে গ্রামের একটি সড়কের চিত্র।

স্থানীয়দের কাছে রেজাউল কিবরিয়া বাবুল একজন ইমাম হিসেবে পরিচিত হলেও বৃক্ষপ্রেমী হিসেবেও রয়েছে তার আলাদা পরিচিতি। তিনি ওমরপুর ইউনিয়নের কালাপানিয়া বাজার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম। ইমামতির পাশাপাশি অবসর সময়ে গাছ লাগানো ও পরিচর্যায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন দশক আগে বৃক্ষরোপণের উদ্যোগ নেন রেজাউল কিবরিয়া। ১৯৯৩-৯৪ সালের দিকে পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ভুঁইয়ারহাট এলাকায় একটি নার্সারি গড়ে তোলেন। সেখান থেকে উৎপাদিত ও সংগ্রহ করা বিভিন্ন জাতের গাছের চারা এলাকার সড়কের পাশে রোপণ করতে শুরু করেন। একই সঙ্গে মাইকিং করে স্থানীয়দের গাছ লাগাতে উৎসাহিত করতেন।

তার লাগানো গাছের মধ্যে রয়েছে তাল, ফলজ ও বিভিন্ন ঔষধি গাছ। ওমরপুর গ্রামের বাউল সড়কের দুই পাশে প্রায় দুই দশক আগে লাগানো তালগাছগুলো এখন বড় হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে পুরো সড়কটি যেন সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পথ। গাছের ছায়ায় পথচারী ও কৃষকেরা স্বস্তি পান। স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও এখন এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন।

Model Hospital

শুধু বাউল সড়ক নয়, ওমরপুর ইউনিয়নের আরও কয়েকটি সড়কের পাশেও গাছ লাগিয়েছেন তিনি। চারা রোপণের পর নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। অনেক গাছ নষ্ট হয়ে গেলেও বৃক্ষরোপণের কাজ থেকে পিছিয়ে যাননি তিনি।

স্থানীয়দের মতে, সরকারি কোনো প্রকল্পের অপেক্ষায় না থেকে একজন ইমামের ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে গাছ লাগানোর এই প্রচেষ্টা শুধু একটি সড়কের সৌন্দর্যই বদলায়নি, বরং স্থানীয়দের মধ্যেও বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান, লিটন, আলমগীর ও যুবক তুহিন জানান, বাউল সড়কের দুই পাশে এখন শত শত তালগাছ রয়েছে। গাছগুলো বড় হয়ে ওঠায় সড়কটির সৌন্দর্য অনেক বেড়েছে। বিকেল ও সন্ধ্যায় স্থানীয়রা সেখানে সময় কাটান। দূর-দূরান্ত থেকেও অনেকে এই সড়কের সৌন্দর্য দেখতে আসেন। রেজাউল কিবরিয়ার উদ্যোগ দেখে তারাও নিজেদের জায়গায় বেশি করে গাছ লাগাতে উৎসাহিত হয়েছেন।

রেজাউল কিবরিয়া বাবুল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আল্লাহর সন্তুষ্টির আশায় আমি প্রায় তিন দশক ধরে গাছ লাগিয়ে আসছি। ১৯৯৩-৯৪ সালে এ কাজ শুরু করি। এ পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে তালগাছের বীজ ও চারা রয়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার।’

তিনি বলেন, সব গাছ টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে গাছ লাগানোর কাজ থেকে কখনো সরে আসেননি। বর্তমানে নিজে নার্সারিতে চারা উৎপাদনের সময় না পাওয়ায় ঝালকাঠির স্বরূপকাঠি থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করে রোপণ করছেন।

তালগাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় তালগাছ লাগানোর ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। পাশাপাশি বন বিভাগের পরামর্শও নিয়ে থাকেন।

রেজাউল কিবরিয়া আরও বলেন, ‘আমি গাছ লাগানোকে সদকায়ে জারিয়া হিসেবে দেখি। একটি গাছ শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ছায়া, সৌন্দর্য ও উপকারের উৎস। যতদিন বেঁচে থাকব, ততদিনই গাছ লাগানোর এই কাজ চালিয়ে যেতে চাই।’

তার ভাষ্য, গ্রামের প্রতিটি সড়ক ও আশপাশের এলাকা সবুজে ভরে তোলাই তার লক্ষ্য। একই সঙ্গে তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখতে ফল ও ফুলের বাগান করার আহ্বান জানান তিনি।

রেজাউল কিবরিয়ার দীর্ঘদিনের উদ্যোগের বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, ‘গাছ লাগানো অবশ্যই একটি ভালো উদ্যোগ। রেজাউল কিবরিয়া সাহেবের দীর্ঘদিনের এ কাজের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে এ বিষয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব।’