মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পুলিশের অনিয়ম পেলে লিখতে কৃপণতা করবেন না : চাঁদপুর এসপি সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ১০:২৮ পিএম
পুলিশের অনিয়ম পেলে লিখতে কৃপণতা করবেন না : চাঁদপুর এসপি সাইফুল ইসলাম
চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছেন, সময়ের প্রয়োজনে সাংবাদিকগণের সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমার কাছে কে কোন সংগঠনে রয়েছেন সেটি মুখ্য নয়। বরং আপনি একজন সাংবাদিক এবং এক্ষেত্রে আপনি কোন মিডিয়ার সাংবাদিক সেটিই মুখ্য। আর তথ্য প্রাপ্তিতে জেলা পুলিশের সহযোগিতায় কোন কমতি থাকবে না এটুকু বলতে পারি।
১ আগষ্ট মঙ্গলবার মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা স্লোগানকে লালন করা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম বলেন, কোন ব্যাক্তির দায় পুলিশ বিভাগ নিবেনা । সেক্ষেত্রে আপনারা পুলিশের অনিয়ম পেলে অবশ্যই লিখতে কৃপণতা করবেন না। প্রয়োজনে আমাকে নির্দ্ধিধায় অবগত করতে দু’বার ভাববেন না। আমি সাথে সাথে ব্যবস্থা নিবো।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে জেলা পুলিশ হস্তক্ষেপ করবেনা। আপনারা সমাজের আইন-শৃঙ্খলা অবনতিজনিত যেকোন কিছু আমার নজরে আনলে বিশ্বাস রাখুন কাজ হবে। আর এ কাজ করতে করতেই একসময় আপনাদের সাথে আমার ঘনিষ্ঠতাও হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, প্রচার সম্পাদক ও দৈনিক সংবাদ এর চাঁদপুর প্রতিনিধি শ্যামল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, মহিলা সম্পাদিকা সাবিত্রী রানী ঘোষ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল গণি, ইফতে খায়রুল আলম, এম এম কামাল, মোঃ জাবেদ হোসেন, শ্যামল দাস, রোকনুজ্জামান রোকন, গোলাম নবী খোকনসহ অন্যরা।
বক্তারা, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাংবাদিকদের সম্পর্কের নানাদিক তুলে ধরেন।একই সাথে পূর্বের ন্যায় যাতে পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার মনিস দাস, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যরা উপস্থিত ছিলেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।