বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রাণ ফিরে পাচ্ছে ছেংগারচর খেলার মাঠ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৮:১৮ পিএম
প্রাণ ফিরে পাচ্ছে ছেংগারচর খেলার মাঠ

সংস্কার হচ্ছে মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। প্রিয় এই মাঠের সংস্কার এবং আধুনিকায়নের কাজে খুশি ও আনন্দিত এলাকাবাসী। ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকারের উদ্যোগে মাঠে বালু ভরাট, সমতল করাসহ আধুনিকায়নের এই কাজ শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলায় উপজেলার সোনালি দিনের স্বাক্ষর বহন করে চলেছে এই মাঠটি। এই মাঠে একসময় অনুষ্ঠিত হতো বিভাগীয়সহ জেলা-উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট। এ ছাড়াও, ক্রিকেট, হ্যান্ডবলসহ উপজেলা পর্যায়ের সব ধরনের খেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ জাতীয় ও আঞ্চলিক অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হতো এই মাঠেই।

এই মাঠে আয়োজন করা হতো বিভিন্ন ধরনের ছোট-বড় খেলার আসর। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ নিয়মিত শরীর চর্চাও করতো। কিন্তু দীর্ঘ দিন এই মাঠের কোনো সংস্কার না করার কারণে এবং কোরবানি ঈদে গোহাট বসানোর কারনে মাঠটি উচু-নিচু হয়ে পড়ে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করা, বর্ষা মৌসুমে বৃষ্টি ও বাসা বাড়ির পানি জমে বছরের পর বছর মাঠটিতে সৃষ্টি হতো কৃত্রিম জলাবদ্ধতার। শুকনো মৌসুমে মাঠ কিছুটা ব্যবহার করা গেলেও বর্ষা মৌসুমে এই মাঠে খেলাধুলা করা সম্ভব হয় না। এই মাঠটি দিন দিন তার ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছিল।

এই মাঠের নিয়মিত খেলোয়ার শরীফ, কালাম, রিপন’সহ অনেকেই বলেন, মাঠ সংস্কারের কাজ দেখে খুবই ভালো লাগছে যে আবার আমরা সব বয়সের মানুষ মাঠে খেলাধুলায় মেতে উঠতে পারবো। আবার বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠবে এই প্রিয় মাঠটি। শুধু মাটি দিয়ে ভরাটই নয় আধুনিকায় করতে যা যা দরকার বর্তমান ক্রীড়াবান্ধব সরকার সেই সব কাজ দ্রুতই সম্পন্ন করবেন বলে আমরা আশাবাদী।

Model Hospital

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ বলেন, ছেংগারচর পৌরসভার মেয়র মো. আরিফ উল্যাহ সরকার মাঠটি সংস্কার করার কাজ শুরু হওয়ায় খুবই ভালো লাগছে। আশাকরি মাঠটিতে মাটি ভরাট করার পর অবশ্যই পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিকায়নের পদক্ষেপও গ্রহণ করবেন এটাই শুধু আমাদের দাবি।

ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার বলেন, ছোটবেলায় এই মাঠে খেলার আমার অনেক স্মৃতি রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে আজ এই ঐতিহ্যবাহী মাঠটি তার ঐতিহ্য হারাতে বসেছিল। আমি মেয়র হওয়ার পরই এই মাঠটিকে সংস্কার এবং আধুনিকায়ন করার পদক্ষেপ গ্রহণ করি। ইতোমধ্যেই সেই কাজ শুরু করা হয়েছে। বর্তমান ক্রীড়াবান্ধব সরকার দেশের প্রতিটি এলাকার হারিয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে অযত্ন আর অবেহলায় পড়ে থাকা খেলার মাঠগুলোকে নতুন করে আধুনিকায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ