চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান
নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে জানতে হবে
চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশগ্রহণের নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদে অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাণীজ খাদ্যে বর্তমানে বিভিন্ন হরমোন ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এ রাসায়নিক হরমোন প্রাণীজ প্রোটিনের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করছে এবং দীর্ঘ মেয়াদী মারাত্বক রোগ সৃষ্টি করছে। এছাড়াও দূষিত খাবার গ্রহণের ফলে মানব শরীরে নানা রকম রোগজীবাণু বাসা বাঁধছে। নিরাপদ খাদ্যের গুরুত্ব ও অনিরাপদ খাদ্যের ভয়াবহতা সম্পর্কে আমাদের জানতে হবে।

তিনি আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারণে খাদ্যের নিরাপদতা নিয়ে আজ আমরা চিন্তিত। অনিরাপদ ও ভেজাল খাদ্য গ্রহণের ফলে আমরা খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছি। ফলে আমাদের রোজগারের প্রায় বেশিরভাগ অর্থই আজ খরচ হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। ফলে আমরা যেমন অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছি তেমনি শারীরিক দিক দিয়েও দুর্বল হচ্ছি। তাই তিনি নিরাপদ খাদ্য প্রাপ্তিকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। তাছাড়া তিনি শিক্ষার্থীদের স্কুলে ও ঘরে ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার হাত ধোঁয়ার নিয়মাবলি সম্পর্কে বিশদ আলোচনা করেন।

উপজেলা পরিষদের সিএ মামুনুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্ল্যাহ, জেলা নিরাপদ খাদ্য আরিফুল ইসলাম, চাঁদপুর মডেল থানার ইন্টেলিজেন অফিসার সামছুল আলম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবু প্রমুখ।

এসময় প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।








