বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর আঞ্চলিক সড়কের দু’পাশে শত শত অবৈধ স্থাপনা

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৪ পিএম
চাঁদপুর আঞ্চলিক সড়কের দু’পাশে শত শত অবৈধ স্থাপনা

আন্তঃজেলা যোগাযোগের জন্য চাঁদপুরের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক তৈরি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সেচ প্রকল্পের বাঁধের ওপর।
বাকি সড়কগুলো সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত সম্পত্তিতে। এসব সড়কগুলোর দুই পাশে এখন অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ এক শ্রেণির প্রভাবশালীরা নিয়মে পরিণত করেছেন।

রাস্তার দুই পাশে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান গড়েছেন তারা। বিশেষ করে স্থানীয় বাজার কেন্দ্রিক এসব প্রতিষ্ঠানের অবস্থান বেশি।

যার ফলে অনেক সময় যানবাহন চলাচল করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে সড়ক বিভাগ বলছে-খুব দ্রুতই উচ্ছেদ অভিযান করার পরিকল্পনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় দেড় বছর আগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে চাঁদপুর সড়ক বিভাগ থেকে উচ্ছেদ অভিযান করলেও এখন আবার একই অবস্থা। অভিযানের কয়েক মাসের মধ্যে আবারও বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সড়কের পাশে। বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদপুর থেকে শুরু করে বাবুরহাট, মহামায়া, বাকিলা, বলাখাল, হাজীগঞ্জ, ওয়ারুক, দোয়া ভাঙা, কালিয়া পাড়া পর্যন্ত।

Model Hospital

এছাড়াও চাঁদপুর-রায়পুর সড়ক, ভাটিয়ালপুর-হরিণা ফেরিঘাট, হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক, মতলব-পেন্নাই সড়কেও প্রভাবশালী লোকজন সড়কের দুই পাশে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

সরেজমিন ঘুরে ফরিদগঞ্জ ভাটিয়ালপুর, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার, সদরের বাগাদী চৌরাস্তা, শহরের ওয়ারলেসসহ আশপাশের এলাকায় বহু অবৈধ স্থাপনা দেখা গেছে।

সদর উপজেলার মহামায়া বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য কবির হোসেন জানান, যারা সড়কের জায়গায় ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করেছেন। তারা কেউ লিজ নেয়নি কিংবা অনুমতি নেয়নি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব কাজে জড়িত। তারাই সওজ বিভাগের সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ করে আসছেন।

সদরের চান্দ্রা পশ্চিম বাজারে ওয়ার্কশপ ব্যবসায়ী খোরশেদ জানান, তিনি গত ৫ মাস পূর্বে দোকান ভাড়া নিয়েছেন। স্থানীয় ফারুক পাটওয়ারী নামে ব্যক্তি সড়কের পাশে এই দোকানঘর নির্মাণ করে তার কাছে ভাড়া দিয়েছেন। টিন দিয়ে তৈরি এই দোকানের মাসিক ভাড়া ৩ হাজার টাকা।

মতলব-পেন্নাই সড়কের মুন্সিরহাট বাজার এলাকার বাসিন্দা মোসলেহ উদ্দিন ও আব্দুল কুদ্দুছ জানান, সড়কের ওপরে ব্যবসাপ্রতিষ্ঠান থাকায় এই বাজারে দিনের অধিকাংশ সময় যানজট লেগেই থাকে। একটি গাড়ি থামিয়ে আরেকটিকে যাওয়ার সুযোগ করে দিতে হয়। ঈদ কিংবা অন্য কোনো উৎসবের সময় দুর্ভোগ আরও বাড়ে।

চান্দ্রা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, এই বিভাগের তৈরি জেলায় সড়ক রয়েছে ৩৬৭ কিলোমিটার। এর মধ্যে চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের ওপর সড়ক রয়েছে। চাঁদপুর থেকে কুমিল্লার আগে খাজুরিয়া পর্যন্ত রয়েছে ৩৯ কিলোমিটার। সড়ক শাখা-১ এর আওতায় এই সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন ৪ জন উপ-সহকারী প্রকৌশলী। সড়ক শাখা-২ এর আওতায় রয়েছে চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়ক। এই সড়কটি একজন উপ-সহকারী প্রকৌশলী সংস্কারসহ সার্বিক দায়িত্ব পালন করেন।

সড়ক বিভাগ চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী মো. মারুফ হোসেন বলেন, গত প্রায় দেড় বছর পূর্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে উচ্ছেদ অভিযান করা হয়। এরপর এই কাজটি নিয়মিত করার চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে করা সম্ভব হয়নি। তবে আমরা অবৈধভাবে স্থাপনা নির্মাণকারী ব্যক্তিদেরকে নোটিশ দিয়েছি এবং কিছু ব্যক্তির বিরুদ্ধে নোটিশ দেওয়ার পর থানায় মামলাও দিয়েছি। যারা সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তাদের তালিকা তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সড়ক বিভাগের নিয়মানুযায়ী সড়কের পাশে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। কারো যদি সড়কের পাশে জায়গা থাকে সে নিয়মানুসারে চলাচলের জন্য অনুমতি নিতে হবে। এছাড়া সড়কের জায়গায় বিশ্রামাগার তৈরি করা যাবে। যেখানে গাড়ির চালকদের টয়লেট, গোসলখানা ও খাওয়ার ব্যবস্থা থাকবে।

বাগাদি চৌরাস্তা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা

সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, স্থানীয়ভাবে আমরা কোনো ব্যক্তিকে সড়কের দুই পাশে জায়গা লিজ দিই না। লিজ ছাড়া লোকজন এসব ব্যবসাপ্রতিষ্ঠান দিয়েছেন। আর কোনো ব্যক্তির সড়কের পেছনে সম্পত্তি থাকলে তাকে চলাচলের জন্য অনুমতি অর্থাৎ এক সনের লিজ দেওয়া হয়, তবে সেটি মন্ত্রণালয় থেকে অন্যান্য অফিসে অনুমোদন হয়ে আসতে হবে। এরপর স্থানীয় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে ওই ব্যক্তির চুক্তি হবে এবং তিনি সম্পত্তির মালিক কিনা সেসব কাগজপত্রসহ আমাদের সড়কের সার্ভেয়ার ম্যাপ দেখে তা নির্ধারণ করবেন।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামুসজ্জোহা বলেন, সড়ক বিভাগের আওতায় জেলায় যে কয়টি সড়ক আছে, এর সবগুলো আমাদের সার্বিক মনিটরিং আছে। অবৈধ স্থাপনা নির্মাণকারীদেরকে নিয়মানুসারে নোটিশ দেওয়া এবং অনেকের বিরুদ্ধে আমাদের দপ্তর থেকে থানায় মামলাও করেছেন। সেসব মামলাগুলো চলমান। সর্বশেষ অবৈধ স্থাপনা নির্মাণকারী ব্যক্তিদের তালিকা তৈরি করেছি। জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ