বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উদ্বেগ উৎকণ্ঠায় চাঁদপুরের ৫টি আসনে আ.লীগের ৪৬ মনোনয়ন প্রত্যাশী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:২৯ পিএম
উদ্বেগ উৎকণ্ঠায় চাঁদপুরের ৫টি আসনে আ.লীগের ৪৬ মনোনয়ন প্রত্যাশী

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। মনোনয়ন প্রত্যার্শী ৪৬ জনের মধ্যে কোন পাঁচজন পাচ্ছেন দলীয় মনোনয়ন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়ন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থীরা। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য প্রকাশ করে নিজেদের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রকাশ করছেন অনেকে। এমনকি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উৎসব খাওয়া-দাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। ফলে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে একরকম উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলায় কে পাচ্ছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন এ নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে উদ্বেগ উৎকণ্ঠা। তবে অধিকাংশের বক্তব্য দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন সকলেই তার পক্ষে কাজ করবেন।

এর মধ্যে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম তুলেছেন আট জন, চাঁদপুর-২ (মতলব) আসনে ১২ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ছয় জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১০ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ১০ জন। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা। এখন নৌকার টিকিট পেতে তদবির-লবিং চালিয়ে যাচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।

দলের স্থানীয় নেতারা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলীয় প্রধান বিচক্ষণ সিদ্ধান্ত দেবেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন, তাকেই বিজয়ী করতে কাজ করবেন তারা। কোনোভাবেই এর ব্যত্যয় ঘটবে না। একই কথা বলেছেন মনোনয়নপ্রত্যাশীরা।

Model Hospital

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা পাচ্ছেন নৌকার টিকিট। চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা আগামী ২৭ নভেম্বরের মধ্যে হবে বলে জানিয়েছেন দলীয় নেতারা। সে অনুযায়ী, পাঁচটি আসনে কারা হচ্ছেন নৌকার মাঝি, তা জানতে আরও চার-পাঁচ দিন অপেক্ষা করতে হবে।
পাঁচটি আসনে মনোনয়নপ্রত্যাশী যারা

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, চাঁদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এমপি, সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণার বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, জাপান আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন শিপলু, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়ালের মেয়ে জান্নাতুল ফেরদৌস ও লন্ডনপ্রবাসী সাখাওয়াত হোসেন টিটু। তারা আট জন এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জেসমিন সুলতানা, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য এম ইসফাক আহসান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, যুবলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সুলতানা শেফালি, নায়েমের সাবেক মহাপরিচালক ও পদ্মা সেতু জীববৈচিত্র্য সংরক্ষণ প্রোগ্রামের টিম লিডার অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, কৃষকলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। এই আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২ জন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রেদওয়ান খান বোরহান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য জাকির হোসেন মারুফ। এই আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ছয় জন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুহম্মদ শফিকুর রহমান এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমির আজম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, কেন্দ্রীয় যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিফ হোসেন সাগর, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন্নাহার অনি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মহিউদ্দিন খোকা, শিল্পপতি জালাল আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া। এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম (এমপি), সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ঢাকা সেন্টারের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসাইন, দুদকের সাবেক মহাপরিচালক ও এনএসআইয়ের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এইচ সালাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু টেক্সটাইল সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ঢাকা কলাবাগান স্পোটিং ক্লাবের সভাপতি সফিকুল আলম ফিরোজ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ কে এম ফজলুল হক, আইনজীবী ফরিদুল ইসলাম, মেহের ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও শাহরাস্তি উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আউয়াল। এই আসনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন।

চট্টগ্রাম বিভাগ নিয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার (২৫ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মনোনয়নপ্রত্যাশী জানিয়েছেন, আওয়ামী লীগ বড় দল। এজন্য প্রার্থী বেশি। যে কেউ দলীয় মনোনয়ন চাইতে পারেন। কিন্তু একটি আসনে প্রার্থী হবেন একজন। সেখানে কে নৌকার মাঝি হবেন, তা নিশ্চিত করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ মেনে দলের প্রার্থীর জন্যই কাজ করবেন সবাই। এতে কোনও বিরোধ তৈরি হবে না। তবে দলীয় মনোনয়ন না পেলে কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন। এটাই স্বাভাবিক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital