বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।