মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুর্যোগে মানুষের পাশে থাকে আওয়ামী লীগ : নানক

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৯:৪৭ পিএম
দুর্যোগে মানুষের পাশে থাকে আওয়ামী লীগ : নানক
দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকে আওয়ামী লীগ। সরকার ও দল সমানভাবে কাজ করে জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা একটা দুর্যোগ মোকাবিলা করে চলেছি। সিলেট-সুনামগঞ্জ পাহাড়ি ঢলে আকস্মিক প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্দী ছিল। খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী উদ্ধার কাজে সেনাবাহিনী, নৌবাহিনী ও জেলা-উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মীকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খাদ্য সহায়তা নিয়ে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সংসদ সদস্য রনজিত সরকারের উদ্যোগে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার দুপুরে বানভাসিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন,  ৯১ সালে চট্টগ্রামের উজিরচরে জলোচ্ছাস হয়েছিল। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা ছিলেন। সে সময়কার সরকার জনগণের পাশে দাঁড়ায়নি। কিন্তু আজকের প্রধানমন্ত্রী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বলেছিলেন, এই জলোচ্ছাসে যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি। আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তখন সংসদে বলেছিলেন, ‘কত লোক মারা গেলে’ আপনার তত লোক হবে।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হাওরবাসীর উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছেন মন্ত্রী। এরপর ওলীকূল শিরমনী হযরত শাহজালাল ইয়ামেনী (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-সুনামগঞ্জে নির্ধারিত কর্মসূচি সূচনা করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।