রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে আগুন, থামাতে বলায় যাত্রীদের পেটালেন স্টাফরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ২:০৬ পিএম
লঞ্চে আগুন, থামাতে বলায় যাত্রীদের পেটালেন স্টাফরা

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি : আবারও দুর্ঘটনা শিকার হলো যাত্রীবাহী লঞ্চ। যদিও এবার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঢাকা থেকে বরিশালগামী সুরভী-৯ এর সাইলেন্সারে আগুন লেগে গেলে যাত্রাপথে চাঁদপুরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। ট্রিপল নাইনে ফোন করে জানানোয় লঞ্চের স্টাফরা যাত্রীদের পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

রাজধানী থেকে বরিশালগামী সুরভী-৯ লঞ্চে শনিবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে সাইলেন্সার পাইপে আগুন লেগে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লঞ্চের স্টাফদের লঞ্চ থামাতে বললেও না শোনায় ট্রিপল নাইনে ফোন করেন যাত্রীরা। অনেকেই ভিডিও করেন, ফেসবুকে লাইভও করেন।

বিআইডব্লিউটিএ’র হস্তক্ষেপে রাতেই চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাটে জরুরি নোঙর করানো হয় লঞ্চটিকে। পরে লঞ্চটি পুনরায় ছেড়ে বরিশাল নদী বন্দরে এসে পৌঁছায়। কিন্তু বরিশাল ঘাটে পৌঁছালে অভিযোগকারী যাত্রীদের বেদম মারধর করে লঞ্চের স্টাফরা। শনিবার রাতে লঞ্চের ভিডিও ও ট্রিপল নাইনে ফোন করায় পেটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

এ লঞ্চের যাত্রী বিএম কলেজ পড়–য়া মিজানুর রহমান জানান, গত রাতে অনেকেই একাধিকবার লঞ্চের ম্যানেজার, সুপার ভাইজারকে লঞ্চটিকে থামানোর অনুরোধ জানায় যাত্রীরা। তারা ভিডিও করেন লঞ্চ স্টাফদের দুর্বব্যহারের। যাত্রীদের মধ্য থেকে কেউ কেউ ট্রিপল নাইনে ফোন করে জানান। কিন্তু (রোববার) সকালে লঞ্চটি বরিশাল বন্দরে আসলে হঠাৎ লঞ্চ স্টাফরা যাত্রীদের পেটাতে শুরু করে।
লঞ্চ যাত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু জানান, গতরাতে লঞ্চ স্টাফদের অসদাচরণ ফেসবুকে লাইভ করায় আজ যাত্রীদের বেধড়ক পেটায় লঞ্চের ম্যানেজার মিজানসহ কেবিন বয়রা। এ ঘটনার বিচার চেয়েছেন তারা।

Model Hospital

এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে চ্যানেল টুয়েন্টিফোর ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক রুহুল আমিন ও দেওয়ান মোহনের ওপরও চড়াও হয় লঞ্চের ম্যানেজার কেবিন বয়রা। রুহুল আমিন অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন তারা। যখন যাত্রীদের পেটায় সেই ফুটেজ ধারণ করার সময় বাধা দেয় লঞ্চ কর্তৃপক্ষ। চিত্র সাংবাদিক দেওয়ান মোহন অভিযোগ করেন, ফুটেজ নেওয়ার সময় লাঠি দিয়ে তাদেরও পেটায় লঞ্চ স্টাফরা।

যাত্রী নির্যাতন ঘটনাটি দুঃখজনক জানিয়ে অভিযুক্ত একজনকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানায় লঞ্চের মালিক রেজিন উল কবির। তিনি জানান, এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত।

যাত্রী নির্যাতনের সত্যতা স্বীকার করে আইনানুগ ব্যবস্থা নেবার কথা বলছে প্রশাসন। বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, যাত্রীদের পেটানোর সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। নিজে দেখেছেন। উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে লঞ্চে যাত্রী হয়রানি নিত্যদিনের ঘটনা জানিয়ে সুরভী লঞ্চে প্রকাশ্যে লাঠি দিয়ে যাত্রী নির্যাতন করায় অন্য ব্যবসায়ীদেরও ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।