হাজীগঞ্জ-শাহরাস্তি সীমান্তে উত্তেজনা
হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৬
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাজীগঞ্জের এনায়েতপুর ও শাহরাস্তির ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহজাহান (৩০) নামে এক অটো/সিএনজিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির আলী আহমেদের ছেলে। তিনি পেশায় অটো/সিএনজিচালক ছিলেন।

স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, প্রায় তিন দিন আগে সোনাচোঁ বালুর মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে ধোপল্লা বাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।

অভিযোগ রয়েছে, শাহরাস্তি উপজেলার দোপাল্লা এলাকার চকিদার ও তালুকদার বাড়ির ৫০ থেকে ৭০ জন কিশোর গ্যাং সদস্য এ হামলায় অংশ নেয়। এ সময় অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে শাহজাহান হামলার শিকার হন।
নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকালে শাহজাহান অটোরিকশা নিয়ে ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখান থেকে বাড়িতে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলম ভূঁইয়া জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। তবে নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফুটবল খেলার মতো একটি আনন্দঘন আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধ সংঘর্ষে রূপ নেওয়া এবং একজন তরুণ অটোচালকের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





