চাঁদপুরে বাড়িতে দুধ দিতে গেলে কিশোরীর মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির উপজেলার একটি ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে আগে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, কিশোরীর পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত ব্যক্তির পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় কিশোরীর মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।

বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে কিশোরী মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মামলা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরীর মা বলেন, এ ঘটনার পর তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত চলছে।








