সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও ছাত্র সমাবেশ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম
মতলব উত্তরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও ছাত্র সমাবেশ

মতলব উত্তরে জাকের পার্টি ছাত্রফ্রন্টের দাওয়াতি মিশন ও ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ-২০২৫ (বিশ্ব ইসলামি সম্মেলন) উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর জেলা উদ্যোগে কেন্দ্রীয় দাওয়াতি মিশন সভা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে হালুয়া-রুটি ভাগাভাগির রাজনীতি করে। কিন্তু জাকের পার্টি কখনই ক্ষমতার রাজনীতি করেনি। আমাদের দেশের মানুষ অনেক দল ও অনেক নেতাকে অভিভাবক বানিয়েছে, আবার অনেকেই চক্রান্তের মাধ্যমে অভিভাবক হয়েছে। ভোট চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন অনেকেই। প্রকৃতপক্ষে কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

Model Hospital

তিনি আরও বলেন, কোন আদর্শবিহীন দলের সাথে জোট বেঁধে ক্ষমতার রাজনীতির অংশীদারিত্বে জাকের পাটি বিশ্বাসী নয়। জাকের পার্টি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সততা ও নৈতিকতার রাজনীতিতে বিশ্বাসী। আর এ লক্ষকে সামনে রেখেই জাকের পার্টি কাজ করছে। এদেশের ধর্মপ্রাণ মানুষ একদিন জাকের পার্টিকেই ক্ষমতার মসনদে বসাবে। জাকের পার্টি শান্তির বার্তা আজ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। সারা দেশে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতায় জাকের পার্টি চমক সৃষ্টি করেছে।

জাকের পার্টি নেতা বলেন, বাংলাদেশে চরমপন্থীদের কোনো ঠাই নেই। ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আমাদের মুসলমানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবার সমান মর্যাদা নিয়ে ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার অক্ষুন্ন রেখে জীবন যাপন করতে পারি-রাষ্ট্রকে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

জাকের পার্টি ছাত্র ফ্রন্ট চাঁদপুর উত্তর সভাপতি মোঃ মোর্শেদ সরকারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিশন সদস্য জাকের পার্টি ছাত্রফ্রন্টের কার্যকরী সদস্য আব্দুল রুবেল সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী, সহকারি সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ, সহকারি শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মাদানী সনেট।

আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা কৃষক ফ্রন্টের সভাপতি মোঃ হান্নান প্রধানীয়া, জেলা ছাত্র ফন্টের সহ সভাপতি রাসেল হাওলাদার, সাধারণ সম্পাদক ডালিম সরকার, মোঃ আবুল ফাহাদ, শাকিল বকাউল, সাগর হোসেন, মহাসিন গাজি সহ জাকের পার্টি মূলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আগামী ৮, ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৫ বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুরে অনুষ্ঠিত মহা পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।