সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আইন অমান্য করায় একজনকে জরিমানা ও মুচলেকা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ পিএম
শাহরাস্তিতে আইন অমান্য করায় একজনকে জরিমানা ও মুচলেকা
শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় মালামাল আনলোড করার অভিযোগে এক দোকানি ও ট্রাকচালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, বাজার এলাকায় দিনের বেলায় লোড-আনলোড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার দায়ে দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাৎক্ষণিকভাবে উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত দোকানি রিয়েল এসএস-এর স্বত্বাধিকারী এবং ট্রাকচালক এলানুর রহমান ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করার লিখিত মুচলেকা দিলে তাদের মুক্তি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজিয়া হোসেনের নির্দেশে পরিচালিত এ অভিযানে ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,“জনস্বার্থ ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে সরকারি নির্দেশনা মানা সবার জন্য বাধ্যতামূলক।
বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও যানজট নিরসনে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে শাহরাস্তির ঠাকুরবাজার ও মেহের কালীবাড়ি বাজার এলাকায় দিনের বেলায় মালামাল আনলোডের কারণে সড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়ে আসছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সম্প্রতি উপজেলা প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা জারি করে। তবে কিছু অসাধু ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করায় প্রশাসন এ অভিযান চালায়।

‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:০০ পিএম
‘জাউরা’ গ্রুপের হামলায় একমাত্র উপার্জনকারী শুকুর আলম হাসপাতালে, চিকিৎসায় সহযোগিতা চাইলেন চেয়ারম্যান স্বপন

একটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন, সন্তানদের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা—সবকিছুই যেন আজ থমকে গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারী শুকুর আলম মজুমদার কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আবেদন জানিয়েছেন ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মানবিক আবেদন জানান।

আবেদনে চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন উল্লেখ করেন, হাজীগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা শুকুর আলম মজুমদার পরিবারের একমাত্র উপার্জনকারী। কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

এ অবস্থায় এলাকার বিত্তবান, হৃদয়বান ও মানবিক মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শুকুর আলমের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

Model Hospital

চেয়ারম্যানের আবেদনে বলা হয়, মানুষের সামান্য সহযোগিতাও এই কঠিন সময়ে শুকুর আলমের চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি, এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আহত শুকুর আলমের দ্রুত সুস্থতা কামনা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।

যেভাবে সহযোগিতা করবেন

শুকুর আলম মজুমদারের চিকিৎসায় আর্থিক সহযোগিতা পাঠাতে তাঁর পরিবারের বিকাশ নম্বর:

বিকাশ: 01871660298

আসুন, বিপদের এই কঠিন সময়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতায় হয়তো একজন অসুস্থ মানুষের চিকিৎসা চালিয়ে যাওয়ার পথ সহজ হবে, ফিরে আসবে একটি পরিবারের মুখে হাসি।

মানুষ মানুষের জন্য—মানবিকতার হাত বাড়িয়ে দিন।