শাহরাস্তি টামটা দক্ষিণ চেয়ারম্যান জহিরুল আলমকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:১২ পিএম
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভূঁইয়া-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। তার অনুপস্থিতিতে ইউপি পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-কে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আদেশে বলা হয়, চেয়ারম্যান জহিরুল আলম ভূঁইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম সচল রাখতে স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট জারিকৃত পরিপত্রের আলোকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদুল আলমকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন,সরকারি বিধান অনুযায়ী চেয়ারম্যান জহিরুল আলম ধারাবাহিক সরকারি সভায় অনুপস্থিত ছিলেন। এতে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছিল এবং জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। তাই বিধি অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর বিদায়ী চেয়ারম্যান জহিরুল আলম ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেছেন— প্রিয় ইউনিয়নবাসী, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে একটানা ৯ বছর ৪ মাস সেবা দিয়েছি।
অনেক প্রতিকূলতা মোকাবিলা করেও আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। নানান ষড়যন্ত্রের পরেও জনগণের সেবা থেকে দূরে থাকিনি। আজ আমি অন্যায়ের স্বীকার। আপনাদের ক্ষমা প্রার্থনা করছি। চেয়ারম্যানের দায়িত্ব কেড়ে নিলেও ভাই বা সন্তান হিসেবে আপনাদের পাশে থাকার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না—ইনশাআল্লাহ।








