সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সীমান্তে অনুপ্রবেশ করায় অস্ত্রসহ বিএসএফ সদস্যকে ধরে নিয়ে এলো বিজিবি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম
সীমান্তে অনুপ্রবেশ করায় অস্ত্রসহ বিএসএফ সদস্যকে ধরে নিয়ে এলো বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আংগুরপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃত বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।

Model Hospital

স্থানীয়রা জানান, ভোরে আংগোরপোতা বিওপির দায়িত্বপূর্ণ ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। এ সময় সেখানে দায়িত্বরত বিজিবির টহল দল তাকে আটক করে। আটকের সময় তার কাছে ব্যক্তিগত অস্ত্র, গোলাবারুদ ও বেশ কিছু সরঞ্জাম পাওয়া যায়। বর্তমানে তাকে আংগোরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বিএসএফ সদস্য দাবি করেছেন, গরু চোরাকারবারিদের পিছু ধাওয়া করার সময় ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে তিনি ভুলবশত বাংলাদেশে প্রবেশ করেছেন। ঘটনা জানাজানির পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে।

ভারতীয় বাহিনীর পক্ষ থেকে আটক সদস্যের পরিচয় নিশ্চিত করে তাকে দ্রুত ফেরত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সুরাহার জন্য ইতোমধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।