রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তীতে ৮০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:০৬ পিএম
চাঁদপুর রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তীতে ৮০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

মানবকল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে চাঁদপুর রক্তদান ফাউন্ডেশন। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবারও ঈদকে সামনে রেখে দরিদ্র পরিবারের মধ্যে উপহার বিতরণ করেছে সংগঠনটি।

গতকাল রাতে শাহরাস্তী উপজেলার আলীপুর, রাজাপুরাসহ কয়েকটি গ্রামের প্রায় ৮০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়। নীরবে ও সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এফ মান্নান তালুকদার বলেন, “মানব কল্যাণে মানবতার স্বার্থে—এই লক্ষ্য নিয়েই আমাদের পথচলা। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবী ও উপদেষ্টাদের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি দেশ ও প্রবাসে থাকা যেসব দাতা তাঁদের পরিশ্রমের উপার্জন দিয়ে এই উদ্যোগ সফল করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর রক্তদান ফাউন্ডেশন নিয়মিত রক্তদানের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়ভাবে প্রশংসা অর্জন করেছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।