রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:২১ পিএম
শাহরাস্তিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৩১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক  করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,  শাহরাস্তি মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক চৌকস টিম নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।
গত ২৬ মার্চ শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুর বাজার এলাকায় মিয়াজী ক্লোথ স্টোরের সামনে অভিযান চালায় এসআই (নিঃ) মো. বেলায়েত উল্লাহ ও এএসআই (নিঃ) ফারুক আহাম্মদের নেতৃত্বাধীন একটি দল।
এ সময় জসিম উদ্দিন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে তার নিজ হেফাজত থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক  করা হয়। তিনি শ্রীপুর এলাকার (চাঁন কাজী মিজি বাড়ি), পৌর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
একই দিনে পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূইয়া ও এএসআই (নিঃ) সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুলিশ শাহরাস্তি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজির কামতা এলাকায় অভিযান চালায়। জয়নাল কমিশনারের ‘স’ মিলের উত্তর দিকে অভিযান পরিচালনা করে রিপন হোসেন (৩৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ১১ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
তার বাড়ি কাজির কামতা (বড় বাড়ি) এলাকায়। ওই দুটি ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “শাহরাস্তিকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কোনো মাদক ব্যবসায়ী বা সংশ্লিষ্ট ব্যক্তি আইনের আওতার বাইরে থাকতে পারবে না। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মাধ্যমে মাদক নির্মূলে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করব।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।